পূর্ন গতিতে প্রস্তুতি চলছে একুশে বই মেলার
বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য একুশে বই মেলার প্রস্তুতি পূর্ন গতিতে চলছে। আগামী ১লা ফেব্র“য়ারি মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে।
বাংলা একাডেমির একটি সূত্র রোববার জানায় স্টল বরাদ্দ, নিরাপত্তা প্রস্তুতি ও বাজেট বরাদ্দসহ মেলার জন্য প্রয়োজনীয় সকল প্রকার পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শেষ হয়েছে। বর্তমানে এসকল পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
একুশে বই মেলার ২৩ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ফজলুর রহমান রোববার বিডিনিউজকে বলেন, মেলার নিয়ম নীতি প্রনয়ণের কাজ চূড়ান্ত হয়েছে এবং মেলায় স্টল বরাদ্দ পাওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তা বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ২৬১ টি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ৩৯১ টি স্টল বরাদ্দ করা হয়েছে এবং মোট স্টলের সংখ্যা ৪৫০ এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। ফায়ার ব্রিগেড, পুলিশ ও অনান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্য কিছু স্টল সংরক্ষিত রাখা হয়েছে বলেও তিনি জানান।
দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং কৃষ্টি ও সংস্কৃতির উপর মৌলবাদী জঙ্গিদের অব্যহত হুমকির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এবছর একুশে বই মেলা প্রাঙ্গন বাংলা একাডেমির ভেতর ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করবে।
একুশে বইমেলা চলাকালে ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি বাংলা একাডেমির সামনে অজ্ঞাত পরিচয় দুস্কৃতিকারীদের হামলায় প্রফেসর হুমায়ুন আজাদ গুরুত্বর আহত হলে মেলায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক অধ্যাপক হুমায়ন আজাদ পরে ঐবছরের ১২ আগস্ট জার্মানিতে মৃত্যুবরণ করেন।
কর্তৃপক্ষ জানায়, মেলা উপলক্ষে একাডেমি প্রাঙ্গনের পৃথক স্থানে বারোটি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। মেলা প্রাঙ্গনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলেও সূত্র জানায়।
এছাড়া পর্যাপ্ত সংখ্যক র্যাব, পুলিশ ও সাদা পোশাকধারি আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও তারা জানান।
দর্শকদের ভীড় ও লম্বা লাইন এড়াতে মেলায় প্রবেশের জন্য দুইটি এবং বের হওয়ার জন্য একটি সহ মোট তিনটি গেট থাকবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেলার প্রবেশপথে মেটাল ডিরেক্টর দিয়ে দর্শনার্থীদের তল্লাশি করবে।
মেলার ভেতর ও বাইরে কোন হকার, ভ্রামমান দোকান বা ভিক্ষুককে অবস্থান করতে দেওয়া হবে না।
মেলার সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের প্রতিদিনের জন্য বিশেষ পাস দেওয়া হবে।
এবছর মেলার জন্য ২২ লক্ষ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা বিগত বছরের ৩০ লক্ষ টাকার চেয়ে কম।
