২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল সঙ্গীতকে ‘মানবতার বাচিক ঐতিহ্যের এক শ্রেষ্ঠকীর্তি’ বলে আখ্যা দিয়েছে ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের বাউল সঙ্গীতকে ‘মানবতার বাচিক ঐতিহ্যের এক শ্রেষ্ঠকীর্তি’ বলে আখ্যায়িত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে সম্প্রতি লেখা এক চিঠিতে ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজ অব হিউম্যানিটি শাখার প্রধান রিকস স্মিটস বাংলাদেশের বাউল সঙ্গীতের ব্যাপক প্রশংসা করেন এবং ইউনেস্কোর মহাপরিচালক কোইচিরো মাতসুয়ারা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ডিপ্লোমা পাঠান।

ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাহমুদ হাসানের কাছে পাঠানো এক বার্তায় স্মিটস বাংলাদেশের বাউল সঙ্গীতকে ইউনেস্কোর মাস্টারপিস তালিকার অন্তর্ভূক্ত করার কথা অবহিত করেন।

বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচিত কিছু বাউল সঙ্গীত প্রথমে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে মনোয়নের জন্য ইন্টারন্যাশনাল জুরি কমিটির কাছে পাঠানো হয়। ২০০১ সালের ২১ থেকে ২৪ নভেম্বর জুরি কমিটি যাচাই-বাছাই করে মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনট্যানজিবল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় সংযুক্ত করতে ইউনেস্কোর মহাপরিচালকের কাছে সুপারিশ পাঠায়।

২০০১ সাল থেকে ইউনেস্কো ৯০টি বিষয়কে মাস্টারপিসের মর্যাদা দিয়েছে যার মধ্যে বাংলা বাউল গানের স্থান রয়েছে।