২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিশু কিশোর বিনোদন কেন্দ্র ওয়ান্ডার ল্যান্ড এমিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব তারেক রহমান সোমবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ওয়ান্ডারল্যান্ড এমিউজমেন্ট পার্ক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পার্কের উদ্বোধন করেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এ সময় উপজাতি ছেলে মেয়েরা তাদের ঐতিহ্যবাহী জুম নাচ, বোতল নৃত্য, নববর্ষের নাচ ও পাহাড়ী আলিঙ্গন নাচ এবং গান গেয়ে অতিথিদের অভিনন্দন জানান।

উদ্বোধীন অনুষ্ঠানে তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলের সব শিশু-কিশোরদের জন্যে বগুড়া ওয়ান্ডারল্যান্ড এমিউজমেন্ট পার্ক মাইল ফলক হয়ে থাকবে।

তিনি আরো বলেন, এটি বগুড়ার পরিচিতি আরও একধাপ এগিয়ে দেবে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সংলগ্ন এ পার্ক বিশ্বের দরবারে বগুড়ার ইতিহাসকে আরও উজ্জল করবে।

তারেক রহমান বলেন, এ পার্কের শৃংখলা ও সৌন্দর্য রক্ষার দায়িত্ব জেলার প্রতিটি নাগরিকের।

পার্কের ব্যবস্থাপনা পরিচালক জিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য উন্নয়ন কমিটির চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়া এমপি, সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পৌর চেয়ারম্যান, অ্যাডভোকেট মাহবুবর রহমান, ডিসি আবদুল মান্নান ও এসপি মতিউর রহমান শেখ।

পার্কে প্রবেশ মূল্য ২০ টাকা করা হয়েছে।

পরে ক্লোজআপ ওয়ানের সেরা ১০ সোনিয়া ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।