জঙ্গিবাদ সৃষ্টি ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে জোট সরকার: ‘বিশ্ব বাঙালি সম্মেলনে’ আ.লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে সরকার গঠনের মাধ্যমে বিএনপি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র মৌলবাদী জঙ্গিবাদের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশকে ধ্বংস করছে। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধান নিয়ে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও ‘বিশ্ব বাঙালি সম্মেলনে’ তারা এ কথা বলেন।
‘সন্ত্রাস, উগ্র জঙ্গি তৎপরতা ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ আবদুল খালেক।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের, রাশেদ মোশাররফ, কবি গবেষক ড. আশরাফ সিদ্দিকী, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সরোজিত চক্রবর্তী ও নীলা চৌধুরী।
এদিকে ‘বিশ্ব বাঙালি সম্মেলন’ নামের এ অনুষ্ঠানে দু’টি আমন্ত্রণ পত্রের একটিতে প্রধান অতিথি হিসেবে ভাষা সৈনিক গাজীউল হকের নাম উল্লেখ থাকলেও তিনি এতে উপস্থিত হননি।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, বিচারপতি কেএম সোবহান, গণফোরাম ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, ভাষা সৈনিক মাহবুব উল আলম চৌধুরী, কবি আবু বকর সিদ্দিক, দৈনিক খবর সম্পাদক ড. মিজানুর রহমান মিজান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডাঃ রুহুল হকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নাম থাকলেও তারা কেউই উপস্থিত হননি।
আলোচকের তুলনায় অংশগ্রহণকারী ও দর্শক সারিতে স্বল্প উপস্থিতির কারণে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিব্রত অবস্থায় পড়েন। ‘বিশ্ব বাঙালি সম্মেলন’ নাম হলেও এই অনুষ্ঠানে আয়োজকদের পরিবার সদস্যসহ প্রায় শ’খানেক অংশগ্রহণকারী দেখে নেতাদের অনেককেই বিস্মিত ও ক্ষুব্ধ হতে দেখা যায়। বক্তৃতা দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অনেকে।
