২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাতৃগর্ভ থেকে বেড়ে ওঠা পর্যন্ত কন্যা শিশুরা পারিবারিক ও সামাজিক বৈষম্যের শিকার’

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত সচেতনতামূলক বিতর্কে বলা হয়েছে, মাতৃগর্ভ থেকে বেড়ে ওঠা পর্যন্ত কন্যা শিশুরা পারিবারিক ও সামাজিক বৈষম্যের শিকার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ বৈষম্য দুর করা না গেলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া যাবে না।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার দিবসটি উপলক্ষে এক প্রীতি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন।

“কন্যা শিশুর বিকাশে পরিবারই প্রধান বাধা” শীর্ষক বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান।

ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন ড. বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখিকা ও নারী নেত্রী মালেকা বেগম, অধ্যাপক শাহরিয়ার আখতার বুলু এমপি, অ্যাডভোকেসি ফোরামের সহ সভাপতি অধ্যাপক লতিফা আকন্দ, ভাষা সৈনিক অধ্যাপক হালিমা খাতুন প্রমুখ।

ড. এম আসাদুজ্জামান বলেন, পরিবার থেকে শিক্ষা নিয়েই শিশুরা পথ চলে। এ ক্ষেত্রে কন্যা শিশু আর ছেলে শিশু ভেদাভেদ করা উচিত নয়।

অধ্যাপক শাহরিয়ার আখতার বুলু এমপি বলেন, সমাজের পশ্চাৎপদতা দূর করতে হলে পরিবারের সকলকেই এগিয়ে আসতে হবে। কারণ পরিবারই সমাজের একক।

মালেকা বেগম বলেন, পরিবারই ব্যাক্তি মানুষকে গড়ে তোলে যার উদাহরণ বেগম রোকেয়া, ফয়জুন্নেছা, নূরজাহান বেগম প্রমূখ। আর এ ব্যাক্তি দ্বারাই সমাজ সৃষ্ট হয়।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সমাজের প্রতিটি মানুষ কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসলেই সকল শিশুর ভবিষ্যত হবে নিরাপদ।

অনুষ্ঠানে দেশের খ্যাতনামা স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।