২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলের উদ্বোধন বুধবার

দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলটি বুধবার থেকে আবার চালু হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

প্রজেকশন হলটি চালু হলে ফিল্ম আর্কাইভ থেকে চলচ্চিত্র কর্মী, গবেষক, চলচ্চিত্রসেবী এবং ছাত্রছাত্রীসহ অন্যান্যরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ইফতেখার হোসেন বিডিনিউজকে বলেন, প্রজেকশন হল চালু হলে তা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দেশে সুস্থ চলচ্চিত্র ধারা প্রবর্তনে সহায়ক হবে।

তিনি জানান, প্রজেকশন হলে স্বল্প খরচে, দেশীয় প্রযুক্তির মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রদর্শিত ছবির সংলাপ স্পষ্ট শোনা যায় এবং অতিরিক্ত প্রতিধ্বনিও হয় না।

প্রজেকশন হলে সপ্তাহে দু দিন নিয়মিতভাবে দেশী-বিদেশি ধ্রুপদী ও দুষ্প্রাপ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৯৭৮ সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর ৮০ সালে ইংল্যান্ড থেকে ওয়েস্টেক্স কোম্পানির দুটি প্রজেক্টর কেনা হয়। দীর্ঘদিনের অকেজো এ প্রজেক্টরগুলো এখন মেরামতের পর ব্যবহার উপযোগী হয়েছে।

এর আগে ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ধানমণ্ডির শংকরে ফিল্ম আর্কাইভের পুরোনো ভাড়া বাড়িতে নিয়মিত ছবি প্রদর্শিত হতো।

ফিল্ম আর্কাইভ সূত্র জানায়, আর্কাইভে বাংলাদেশের প্রথম ছবি ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬), ভারতীয় ছবি ‘দেবদাস’ (১৯৩৫), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অভিনীত ও পরিচালিত ছবি ‘ধ্রুব’ (১৯৩৪), ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’, পৃথিবীর প্রথম ছবি ‘লুমিয়েঁ ব্রাদার্স’, মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ ছবি ‘স্টপ জেনোসাইডসহ’ দেশী-বিদেশি দুই হাজারের বেশি পূর্ণ দৈর্ঘ ও স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রের প্রিণ্ট এবং নেগেটিভ সংরক্ষিত রয়েছে। এতে বাংলা ছবি রয়েছে প্রায় দু’শত।