‘প্রতিভা সন্ধানে’ টিভি চ্যানেলগুলোর ইঁদুর দৌড়
টিভি চ্যানেলগুলোর প্রতিভা সন্ধান এখন টক অব দ্য কান্ট্রি। প্রতিভার সন্ধানে চ্যানেলগুলোর ইঁদুর দৌড় নিয়ে চলছে হই চই। অনেকে এই প্রতিযোগিতাগুলোকে দেখছেন নতুন প্রজন্মের ঝলসে ওঠার ‘সিঁড়ি’ হিসেবে।
প্রাইভেট চ্যানেলগুলোর এই কার্যক্রমের প্রেক্ষিতে সারাদেশে এখন ভিন্ন এক দৃশ্যপট। প্রত্যন্ত অঞ্চলের তরুন তরুনীরা প্রতিযোগিতার মাধ্যমে যেমন দেখছে স্টার হওয়ার স্বপ্ন, দর্শকরাও তেমনি উপভোগ করছে তাদের পারফরমেন্স।
বাছাই করা ১২ জন নিয়ে চ্যানেল আই’র ‘রূপসী তোমার গুনের খোঁজে’র ফাইনাল এ মাসের ৩০ তারিখে। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিশেষ চমক থাকছে শেষ দিনে।
এনটিভির ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র বিশেষ পর্ব শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর নির্বাচিত ১০ জন নিয়ে।
এটিএন’র ‘তারকাদের তারকা’ উপহার দেয়ার প্রক্রিয়াও এগুচ্ছে পরিণতির দিকে।
দেশের টিভি ইতিহাসে এ ধরণের উদ্যোগ এ বছরই প্রথম। ‘আমেরিকান আইডল’ অনুসরণে ‘ইন্ডিয়ান আইডল’ এবং সেই স্রোতধারায় এদেশেও ‘ট্যালেন্ট হান্ট’ প্রোগ্রামের এই ঝোঁক সৃষ্টি হয়েছে। এসবের ‘প্রমো’ সুবাদেও মডেল হিসাবে অভিষেক ঘটছে নতুনদের। এ ধরণের আয়োজনের প্রশংসনীয় দিক-নির্বিশেষে বিভিন্ন স্তরের অংশগ্রহণ। কোথাও দেখা গেছে, উজ্জ্বলতম সনাক্ত হয়েছেন আদিবাসী সমাজের কেউ। অনুষ্ঠান ঘোষিকা হৃদি তাই এসব আয়োজনকে ‘বৈপ্লবিক’ মনে করেন।
তবে তিন চ্যানেলের প্রতিভা সন্ধানকে নিছক তামাশা বলতেও ছাড়ছেন না অনেকেই।
পঞ্চাশ বছর ধরে সুরের সাধনায় নিমগ্ন আসাফউদ্দৌলাহ’র মতে, ‘টিভি মাধ্যমগুলো গানের কে কত বেশি ক্ষতি করতে পারে, এটি তারই প্রতিযোগিতা। প্রতিভা জন্তু না যে হান্ট করতে হবে। সায়গল, লতা, আলী আকবর এভাবে তৈরি হয় না। শিল্পকে পণ্য করা ঠিক নয়।’
কিন্তু এর সাথে এক মত নন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
এটিএনের নওয়াজীশ আলী খান বলেন, তাদের আয়োজন বানিজ্য সংশ্লিষ্ট নয়।
স্পন্সর ছাড়াই ১২ টি প্রোগ্রাম প্রচার হয়েছে।
সমালোচনা হচ্ছে ‘বিচারক’ নির্বাচন নিয়ে। একটি আয়োজনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী আদিবাসী চুনি’র অভিযোগ, কন্ঠের সথে সঙ্গতি রেখে গান দেয়া হয়নি বলে আমি ছিটকে পরেছি।
সংকৃতিকর্মীরা মনে করেন, শুধু গান-অভিনয়-নাচ কেন, আরও ব্যাপক পরিসরে রিয়েলিটি শো’র উদ্যোগ নেয়া দরকার।
তিন চ্যানেলের কর্তা ব্যক্তিরাই আগামীতে এ কার্যক্রম আরও গোছালো, বৈচিত্র্যপূর্ণ করতে চান। মাধ্যমগুলো এমনিতেও অভিনবত্ব আনতে বাধ্য, নিজেদের স্বার্থেই।
