২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর আট বছর পরও শূন্যই রয়ে গেলো সালমানের জায়গাটি

ঢাকার চলচ্চিত্রে অন্ধকারাচ্ছন্নতার একটি পর্যায়ে প্রমিথিউসের মতোই তার আবির্ভাব। ‘নূতনের কেতন’ উড়িয়ে অভিষিক্ত হয়েছিলেন তিনি। আর সেই আলোয় মধ্যবিত্ত শ্রেণীর দর্শকরাও হতে শুরু করে হলমুখী। ফের চাঙ্গা হয়ে উঠতে থাকে ছবির ব্যবসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহেদ জাহিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এক্ষেত্রে তারুণ্য ও আধুনিকতার প্রতীক সালমান শাহ’র অবদান যে বিশাল, সেটি প্রমাণিত হয়, তার বিদায় পরবর্তী দৈন্যদশায়। অসংখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে ‘রেনেসাঁস হিরো’ তার গৌরবদীপ্ত পথচলার ইতি টানেন ৯৬ এর ৬ সেপ্টেম্বর।

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই মন্তব্য, সালমান বেঁচে থাকলে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি’র চেহারা বদলে যেতো, এভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হতো না, রুচিশীল মধ্যবিত্ত ঘরের মেয়েরা আরও বেশি সংখ্যায় সিনেমায় আসতো।

সালমান কতটা মূল্যবান ছিলেন, সেটি আঁচ করা যায়, তার মৃত্যু পরবর্তী ব্যাপক তোলপাড়ের ঘটনায়, শোকের ব্যাপকতায়। ভক্তদের মুষড়ে পড়া এমনকি কারো কারো আত্মহত্যার ঘটনাও তখন কাগজের শিরোনাম হয়েছে।

ট্র্যাজিক এ মৃত্যু নিয়ে কোনো কোনো পত্রিকা, বিশেষ করে অপরাধ বিষয়ক ম্যাগাজিনগুলো বেশ ব্যবসা করে নেয়।

লাভার বয় সালমানের বিদায়ের পর তার শূন্যস্থান এখনও শূন্যই রয়ে গেছে। আজকাল কেউ কেউ উজ্জ্বল পারফরমার বটে, তবে ফিল্ম বোদ্ধারা মনে করেন, সালমান ছিলেন একজনই। এক্ষেত্রে উল্লেখ্য, সালমানের মৃত্যুর পর একটি ছবিতে তার অসমাপ্ত কাজ করিয়ে নেয়া হয় সালমানের মতোই দেখতে এক নবাগতকে দিয়ে। কিন্তু ওই পর্যন্তই।

বিষয়টা কোনোরকমে কাজ চালিয়ে নেয়ার মতো। লুক অ্যালাইক সালমানকে পরে আর কোনো ছবিতে নেয়া সম্ভব হয়নি।

সালমান শাহকে প্রথমবারের মতো চলচ্চিত্রে আনেন নির্মাতা সোহানুর রহমান সোহান। বলিউডের সুপারহিট ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এর রিমেক এই ছবিতে সালমান নায়ক হন মৌসুমীর বিপরীতে। কপিরাইট ‘কেয়ামত থেকে কেয়ামত’ও যথেষ্ট হিট করে। এর মধ্য দিয়ে নয় এর দশক থেকে শুরু হওয়া নতুনের হাওয়া আরও বেগবান হয়ে ওঠে। পরপর সালমান অভিনীত আরও কয়েকটি ছবি ভালো ব্যবসা করায় তিনি হয়ে ওঠেন এক নম্বর এবং অদ্বিতীয় নায়ক।

সালমানের লিপে তার অভিনীত দুটি ছবির গান ‘ও আমার বন্ধু গো’ এবং ‘তুমি মোর জীবনের ভাবনা’ বেশ জনপ্রিয়তা পায়। অভিনয় দক্ষতা এবং ‘বয় নেক্সট ডোর লুক’ সালমানকে দ্রুত সিনেমাপ্রেমীদের আপনজন করে তোলে।

সালমান-শাবনূর জুটির ‘তুমি আমার’ ‘বিক্ষোভ’ ‘স্বপ্নের ঠিকানা’ ‘রঙ্গিন সুজন সখি’ হিট হওয়ায় নির্মাতা ও দর্শক উভয় মহলেই বেশ কাক্সিক্ষত হয়ে ওঠেন সালমান। এছাড়া সালমান শাহ’র নায়িকা হন শাবনাজ, শাহনাজ, লিমা, কাঞ্চি এবং বৃষ্টি।

মোটের ওপর সালমান অভিনীত কোনো ছবিই সে অর্থে মুখ থুবরে পড়েনি।

এমন ঈর্ষণীয় অবস্থানে থেকেও সালমানের আত্মহত্যার ঘটনা স্বাভাবিক কারণেই সবাইকে হতবিহবল করে তোলে।

সালমানকে খুব কাছ থেকে দেখেছেন, এমন কারও কারও মন্তব্য, ভীষণ ইমোশনাল এবং সেনসিটিভ ছিলেন সবুজ এ নায়ক। অভিনয়ের গুণ ছিলো ওর গড গিফটেড।

ক্যামেরার সামনে যেমন, তেমনি ক্যামেনার পেছনেও বুঝি তিনি অভিনয়ই করে গেলেন। জীবন চিত্রনাট্যের শেষ দৃশ্যকে তিনি বিষাদময় করে গেলেন জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে। যেন তিনি এ যুগের ট্র্যাজেডির নায়ক।

সালমানের মৃত্যুবার্ষিকীতে প্রতিবছরই চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানের আয়োজন থাকে সিলেটে, প্রয়াতের নিজ এলাকায়ও।

সালমানের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে নায়ক সম্পর্কে জানতে চাওয়া হয় অভিনয় জগতে তার সহকর্মীদের কাছে-

মৌসুমী: সালমানকেই আমি প্রথম নায়ক হিসেবে পাই। ‘কেয়ামত থেকে কেয়ামত’ করার সময় ওর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিলো। আসলে ভুল আমারই ছিলো। প্রথম দিকে মনে হচ্ছিলো, সালমান খুব মুডি, সুপিরিওরিটি কমপ্লেক্সে ভোগে। পরে এ ধারণা কেটে গেলে বুঝতে পারি ও আসলে ‘মাই ডিয়ার’ প্রকৃতির ছেলে।

শাবনূর: দারুণ কো অপারেটিভ ছিলেন সালমান শাহ। সত্যি বলতে কি, তার কাছে আমি অনেক শিখেছি। আমি মনে করি, দর্শকরা সালমানের সাথে আমাকেই বেশি পছন্দ করেছে।

দিতি: আমাকে খালা বলে ডাকলেও আমার নায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলো সালমান। আমি ‘মানাবে না’ বলায় উদাহরণ হিসেবে ভারতে শ্রী দেবীর বিপরীতে সালমান খানের নায়ক হওয়ার কথা তুলতো।

চম্পা: সালমানের কথা মনে হলে ভীষণ কষ্ট হয়। এফডিসি চত্বরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হতো যখন সালমানের শুটিং থাকতো। আমার নায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলে আমি হেসে উড়িয়ে দিতাম।

শমী কায়সার: মামুনুর রশিদের টিভি ধারাবাহিক ইতিকথায় কাজ করার সময় দেখেছি, সালমান গতানুগতিক সিনেমার নায়কদের মতো নয়। চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে ওর কারণেই আমার কিঞ্চিৎ হলেও আগ্রহ জাগতে শুরু করেছিলো।

বৃষ্টি: একটি মাত্র ছবিতেই কাজ করেছি সালমানের সাথে। এখন এয়ার হোস্টেসের চাকরির সুবাদে আকাশে ওড়ার বেলায় হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ওকে। সারপ্রাইজ দিতে খুব পছন্দ করতেন তিনি।

শিবলী সাদিক: আমার ‘অন্তরে অন্তরে’ ছবিতে কাজ করার সময় রীতিমতো বন্ধুত্ব গড়ে উঠেছিলো সালমানের সাথে। ওর কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেয়া খুবই সহজ ছিলো আমার জন্যে।

সোহানুর রহমান সোহান: কেয়ামত থেকে কেয়ামত ছবির জন্যে আমির খানের মতো নতুন কাউকে খুঁজতে খুঁজতে আকস্মিকভাবেই আবিষ্কার করি সালমানকে।

কাজ করার সময় মনেই হয়নি, এটি ওর প্রথম কাজ। বরাবরই আমিরের বলয় ভেঙে স্বকীয়তা ফুটিয়ে তুলতে চেয়েছে। কোনো কোনো অংশে বেটার কাজ আদায় করে নিতে পেরেছি।