২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

’৬৯এর স্মারক মিউজিয়াম গঠনে সরকারি উদ্যোগ, ব্যয় হবে সাড়ে ৩ কোটি টাকা

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রস্তাবিত মহান ’৬৯ এর গণঅভ্যুত্থান স্মারক মিউজিয়াম নির্মাণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা পূর্তমন্ত্রীর আপত্তির মুখে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সভায় এক মাসের মধ্যে মিউজিয়ামের প্রস্তাবিত নকশা ও পরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষা, সংশোধন ও সংযোজনের জন্য একটি কমিটি গঠন করা হয়। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন বুয়েটের প্রধান স্থপতি, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ, পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও ডিসিসির প্রধান প্রকৌশলী।

কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, গণপূর্ত মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর আসাদগেটে প্রস্তাবিত মিউজিয়ামের পরিকল্পনা ও নকশার বিস্তারিত তুলে ধরে বুয়েটের শিক্ষক ড. নিজামউদ্দিন।

সভায় জানানো হয়, মিরপুর রোড ও আসাদ এভিনিউর মোহনায় মূল সড়কের ওপর প্রস্তাবিত ’৬৯ ভবনটি হবে তিনতলা উঁচু। এর মূল অবকাঠামো হবে মাটি থেকে প্রায় ছয় মিটার উঁচুতে এবং তিন হাজার ৭২ বর্গমিটার (প্রায় ৪৬ কাঠা) জায়গার ওপর।

মূল ভবনের তিনটি ফ্লোরের তিন দিক খোলা এবং একদিকে চক্রাকারে কক্ষটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হবে। মূল অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। নির্মাণ শুরুর পর থেকে ১৫ মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

মেয়র সাদেক হোসেন খোকা জানান, ঐতিহাসিক ৬৯’র গণঅভ্যুত্থাণের স্মৃতি ধরে রাখতে প্রস্তাবিত এ ভবন নির্মাণের জন্য সরকারি কোনো অনুদানের প্রয়োজন হবে না। প্রয়োজনীয় জায়গার সংস্থান হলে ডিসিসি’র নিজস্ব অর্থায়নে এর কাজ করা হবে।