২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসাহ উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে জন্মাষ্টমী উদযাপিত

উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে শুক্রবার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের মর্ত্যধামে আগমন উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রতি বছর এ দিবসটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শুক্রবার সারাদেশে আলোচনা সভা, শোভাযাত্রা, উপবাসব্রত পালন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। তবে বোমা হামলার আশংকায় সারাদেশে জন্মাষ্টমীর অনুষ্ঠানসমূহে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ ও তার স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম শুক্রবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমিন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী।

অনুষ্ঠানে বিচারপতি, রাজনীতিবিদ, ভারতের হাই কমিশনার, নেপালের রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অধ্যাপক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জাতীয় পদক বিজয়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, শিল্পী, হিন্দু কল্যান ট্রাস্টের সদস্য, ব্যবসায়ি ও অন্যান্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ ও অধ্যাপিকা আনোয়ারা বেগম অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার বিকেলে রাজধানি ঢাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পলাশী মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এরপর শোভাযাত্রাটি রাজধানির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারিদের দৃষ্টি আকর্ষন করে বর্ণাঢ্য এ শোভাযাত্রা।

রাজবাড়ী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে সকাল থেকে শহরের বিভিন্ন মন্দিরে ভগবৎ পাঠ ও কীর্তন এবং সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাধাকৃষ্ণের যুগল ছবি নিয়ে শহরে তিনটি পৃথক শোভাযাত্রা বের হয়। শহরের রাধাগোবিন্দ জিউ মন্দির, হরিসভা ও হরিতলা মন্দির থেকে এ শোভাযাত্রা তিনটি শুরু হয়ে শহরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাগেরহাট প্রতিনিধি প্রতিনিধি জানান, র‌্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তা বেস্টনী, ধর্মীয় ভাবগাম্ভির্য, আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার বাগেরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সকালে শহরের শালতলাস্থ হরিসভা মন্দিরে স্থানীয় সংসদ সদস্য এমএএইচসেলিম এবং বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী অখিলানন্দজী মহারাজ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন। দুপুরে মন্দির সংলগ্ন সড়কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা: অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা বাসযোগে এসে সমাবেশে অংশ নেন। আলোচনা সভায় অংশ নেন এমএএইচ সেলিম এমপি, বাগেরহাটের জেলা প্রশাসক মো: মঈন উদ্দিন, পুলিশ সুপার এম: মোস্তফা কামাল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সামছুল আলম তালুকদার, ফ্রন্টের সাধারণ সম্পাদক জয়দেব দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ দাস, প্রদীপ বসু সন্তুু, মোহন লাল হালদার প্রমূখ।