‘পথের পাঁচালি’ মুক্তির সুবর্ণ জয়ন্তী শুক্রবার
বাংলা চলচ্চিত্র ইতিহাসের মাইলফলক সত্যজিত রায়ের ‘পথের পাঁচালি’ মুক্তির ৫০ তম বার্ষিকী শুক্রবার। দিনটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আলোচনা সভা, সত্যজিতের উপর একটি বিশেষ প্রকাশনা ও ছবিটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।
১৯৫৫ সালের ২৬ আগস্ট কলকাতায় সর্বপ্রথম মুক্তি পায় এ ছবিটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়ের এই অমর সাহিত্য সত্যজিত রায়ের মননশীল পরিচালনায় চলচ্চিত্র ভাষার ব্যঞ্জনায় হয়ে উঠেছে এক অনন্য নান্দনিক সৃষ্টি। পথের পাঁচালির মাধ্যমে চলচ্চিত্রে আগমনের পর সত্যজিত রায় পরবর্তী সাড়ে তিন দশকে ‘অপুর সংসার’, ‘নায়ক’, ‘কাঞ্চনজঙ্খা’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘সত্যজিত এর চলচ্চিত্র’ নামে একটি প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছে। এদিন বিকাল চারটায় টিএসসির শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স রুমে সত্যজিতের জীবন ও চলচ্চিত্র নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক, সত্যজিত গবেষক আনোয়ার হোসেন পিন্টু এবং পরিচালক তানভীর মোকাম্মেল।
