চলচ্চিত্র নিষিদ্ধ করা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না : তানভীর মোকাম্মেল
নন্দিত পরিচালক তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্য চিত্র ‘কর্ণফুলির কান্না’ শনিবার সরকার নিষিদ্ধ করার পর ‘চলচ্চিত্র নিষিদ্ধ করা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়েনা’ বলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সরকার শনিবার ফৌজদারি কার্যপ্রণালী বিধির ৯৯ (ক) ধারামতে দেশ ও জনগণের জন্য আপত্তিকর বক্তব্য পরিবেশনের অভিযোগে প্রামাণ্য চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করে।
বিডিনিউজের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তানভীর মোকাম্মেল বলেন, আমার ছবিটিতে এমন কিছুই নেই যা এর আগে বিভিন্ন বইপত্র বা গবেষণা কর্মে বলা হয়নি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু সংকট আছে, আর আমাদের উচিত সত্যকে স্বীকার করে নেওয়া।
কর্ণফুলি নদীর ওপর কাপ্তাই বাঁধ এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের ওপর এর প্রভাব নিয়ে বাঙালি ও আদিবাসীদের সাক্ষাৎকারের ভিত্তিতে তানভীর মোকাম্মেল ৬০ মিনিটের ছবিটি বানিয়েছেন।
ছবিটি নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির এই যুগে ছবি নিষিদ্ধ করার এ জাতীয় পদক্ষেপ কাণ্ডজ্ঞানহীনতারই পরিচায়ক। ইতোমধ্যে অসংখ্য লোকের কাছে এ ছবির ডিভিডি, সিডি বা কম্পিউটারের হার্ড ডিস্কে কপি রয়ে গেছে।
এ ধরনের সিদ্ধান্ত কার স্বার্থই হাসিল করবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও আদিবাসী ফোরামের শীর্ষ স্থানীয় নেতা রূপায়ন দেওয়ান ‘কর্ণফুলির কান্না’ নিষিদ্ধ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিডিনিউজকে বলেন, চলচ্চিত্রটিতে আদিবাসী জনগোষ্ঠির বাস্তব জীবনচিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ভারসাম্যপূর্ণ ছবি। এতে অতিরঞ্জিত কিছু নেই।
তিনি বলেন, এ ছবিটি সরকার নিষিদ্ধ করে আবারো প্রমাণ করলো পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে তাদের আন্তরিকতার অভাব রয়েছে। এভাবে চলতে থাকলে এর সমাধান সুদূর পরাহত হয়েই থাকবে।
