২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শিল্পী এসএম সুলতানের ৮১তম জন্মবার্ষিকী পালিত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তী বলেছেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান নড়াইলের মাটিতে বেড়ে উঠেছেন। তাঁর শিল্পকর্মের মধ্যে রূপসীবাংলা স্থান পেয়েছে। বাংলাদেশকে জানতে হলে শিল্পী সুলতানের চিত্রকর্ম বুঝতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

শিল্পী এসএম সুলতানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সুলতানের শিশুস্বর্গে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও সুলতান জন্মজয়ন্তী পর্ষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় মন্ত্রী এ কথা বলেন। আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী নড়াইলে সুলতানের স্বপ্নের ‘শিশুস্বর্গ’ উদ্বোধন করবেন বলে প্রতিমন্ত্রী জানান ।

জেলা প্রশাসক নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে নড়াইল ১ আসনের সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা, জেলা বিএনপি সভাপতি ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. ইকবাল হোসেন শিকদার বক্তব্য রাখেন।

শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানমালার মধ্যে ছিল, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও কোরানখানি, মিলাদ মাহফিল, নৌকাবাইচ, চারুকলা প্রদর্শনী ও শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং র‌্যালি।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীও নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিনটি গ্র“পে যথাক্রমে শীতল বাগচী, মাহমুদা আফরিন তমা ও আয়শা আক্তার প্রথম স্থান লাভ করে। শতাধিক শিশুকিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ সহ দেশে ও দেশের বাইরে বহু পুরস্কার ও সম্মননায় ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি পরলোক গমন করেন। প্রতিবছর ডিসেম্বর মাসে নড়াইলে সাত দিনব্যাপী ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হয়।