৩০ জুন সাওঁতাল বিদ্রোহের ১৫০তম বার্ষিকী
জমিদার ও বৃটিশ শাসকদের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের দুঃসাহসিক সংগ্রামকে স্মরণ করতে আগামী ৩০ জুন দেশে যথাযোগ্য মর্যাদায় সাওঁতাল বিদ্রোহের ১৫০তম বার্ষিকী উদযাপিত হবে।
১৮৫৫ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত দুই বছর ধরে চলা সাওঁতাল বিদ্রোহ তৎকালীন বাংলা, বিহার ও উরিষ্যা অঞ্চলে বৃটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এসময় রাজার সৈন্য সামন্তরা প্রায় ২০ লাখ সাওঁতাল ও কৃষককে হত্যা করে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে কবি শামসুর রাহমানকে সভাপতি করে ১৫০ জন সদস্য নিয়ে ‘সাওঁতাল বিদ্রোহের ১৫০ বছর উদযাপন জাতীয় কমিটি‘ গঠন করা হয়েছে।
কমিটির সদস্য সচিব করা হয়েছে অধ্যাপক মেসবাহ কামালকে এবং অধ্যাপক দালেম চন্দ্র বর্মন, সঞ্জিব দ্রং, অনিল মারন্দি ও রেবেকা সরেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি দিবসটি পালন উপলক্ষ্যে আগামী ৩০ জুন দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
সাওঁতাল, ওঁরাও, চাকমা, ত্রিপুরা, মনিপুরী, গারো ও বাঙ্গালী শিল্পীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
