২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয়তা ও জীবনবোধের অসাধারণ সমন্বয় শওকত ওসমান’

প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমানের লেখনীতে জাতীয়তা ও জীবনবোধের অসাধারণ সমন্বয় ফুটে উঠেছে। সমাজের সকল অসামঞ্জস্য তিনি লেখায় তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

শওকত ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক স্মৃতিচারণ সভায় বক্তারা এভাবে তাদের অনুভূতি তুলে ধরেন। জাদুঘরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে পরিবেশন করা হয় সংগীত ও আবৃত্তি।

এতে সভাপতিত্ব করেন শওকত ওসমানের ছেলে আরেক প্রখ্যাত কথাশিল্পী বুলবন ওসমান। প্রধান বক্তা অধ্যাপক শামসুজ্জামান খান ছাড়াও আয়োজনে বক্তব্য রাখেন শিল্পী হাশেম খান, বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ প্রমুখ।

প্রধান বক্তা শামসুজ্জামান খান বলেন, কৃষিভিত্তিক এই দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে এ দেশের সাহিত্য। আর এই বৈশিষ্ট্য পুরোপুরিভাবে শিল্পী শওকত ওসমান তার লেখায় ফুটিয়ে তুলেছেন।

শিল্পী হাশেম খান বলেন, তিনি তার লেখায় কিশোরদের এই সমাজের চিন্তা-চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। শওকত ওসমান চলে গিয়েছেন , কিন্তু রয়ে গিয়েছে তার তার অমর কীর্তি।

শওকত ওসমানের স্মৃতিচারণ করে তার আরেক ছেলে ইয়াফেস ওসমান বলেন, তিনি ছিলেন একই সঙ্গে রাজনীতি বোদ্ধা ও সমাজ সচেতন লেখক। তার লেখায় পাওয়া যায় সামাজ ও জীবনবোধের সংস্পর্শ।

এতে শওকত ওসমানের ‘শেখের সম্বরা’ কবিতা পাঠ করেন আরেফীন মাসুদ।

রজনীকান্তের গান পরিবেশেন করেন অনুপম পাল। এছাড়া রবীন্দ্রনাথের ‘লিপিকা’ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন কবির আহমেদ।