কক্সবাজারে বাংলা নববর্ষ: সমুদ্রে সৈকতে মানুষের ঢল
জেলার নববর্ষ মানেই অন্যরকম এক আমেজ। তা বাংলা নববর্ষই হোক, কিংবা ইংরেজি নববর্ষ। তাই ১৪১২ বঙ্গাব্দ বরণে ছিল অন্যরকম একটি আমেজ।
অন্যান্য এলাকার চেয়ে কক্সবাজারে বর্ষবরণের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী চিত্র পরিলক্ষিত হয়। কারণ, নতুন বছরকে বরণের জন্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকা বেলায় জমায়েত হয় হাজার হাজার মানুষ । বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতে জমায়েত হয়েছিল হাজার পঞ্চাশেক মানুষ। কক্সবাজারের স্থানীয় নারী -পুরুষ, যুবক-যুবতীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে সমবেত হয়েছিল।
সমুদ্র সৈকতের বালুকা বেলায় তিল ধারনের অবকাশ ছিল না। বাঙ্গালীর ঐতিহ্যবাহী এ দিনটিকে বরণ করার জন্য কক্সবাজারের আপামর জনসাধারণ যেন সারাটি বছর উদগ্রীব থাকে।
সকালে শহীদ মিনার চত্বরে পান্তাভাত বিক্রি আর ‘এসো হে বৈশাখ‘ গান দিয়ে কক্সবাজারে নববর্ষ বরণ শুরু হয়। কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচীর আয়োজন করেছিল।
সারাদিন শহরের অলিতে-গলিতে কিশোর কিশোরীরা রং ছিটিয়ে নববর্ষকে বরণ করে। কিশোরী, যুবতী তরুণীরা হাতে চুড়ি,মেহেদী, খোপায় ফুল আর লাল পাড়ের হলুদ শাড়ী পড়ে সেজেছিল। অনেককেই ফুল হাতে প্রিয়জনের কাছে ছুটে যেতে দেখা গেছে। এই দিনের বিকেলটা ছিল কেবলই প্রিয়জনদের জন্য। যাদের মিলন মেলা বসেছিল সমুদ্র সৈকতের বালুকা বেলায়।
এছাড়াও জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র বর্ষবরণে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
এদিকে রামু উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে চারদিন ব্যাপী ঐতিহ্যবাহী বলিখেলা ও বৈশাখী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান এই মেলার উদ্বোধন করেন।
