২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় পহেলা বৈশাখকে জাতীয় উৎসব ঘোষণার দাবি

বাংলাদেশের মত এবার পশ্চিমবঙ্গেও বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে ঘোষনার দাবি উঠল। আর সেই দাবিতে সামিল হয়েছেন, রাজ্যের ক্ষমতাসীন জোট বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু থেকে লেখক সুনিল গঙ্গোপাধ্যায়ের মত লেখক-বুদ্ধিজীবীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এই দাবকে জোরদার করতে কলকাতার কাছেই শুক্রবার পহেলা বৈশাখের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজন করা হয়েছে  গ্রাম বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি নিয়ে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে জাতি-ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে প্রায় ২০ হাজার মানুষকে। সেখানে সবার জন্য ব্যবস্থা করা হয়েছে পান্তাভাত আর তরকারি।

পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরেই বাংলা ভাষার ওপর বিভিন্ন ধরণের আন্দোলন চলছে। কলকাতা ও  শহরতলীর সমস্ত দোকান, অফিস এবং হোটেলের ব্যানার বাংলায় লেখা বাধ্যতামূলক করার দাবিতে বুদ্ধিজীবীদের সাথে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সকলেই। একই সঙ্গে আন্দোলন চলছে রাজ্যের সব স্কুলে বাংলাকে আবশ্যিক বিষয় হিসেবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার। নববর্ষ উপলক্ষ্যে কলকাতায় দুই/একটি বিক্ষিপ্ত অনুষ্ঠান হলেও দিনটিকে বিশেষভাবে পালনের জন্য তেমন কোন উদ্যোগ চোখে পড়ে না সরকারি বা বেসরকারিভাবে।

বাঙ্গালীর জাতীয় উৎসব হিসেবে পহেলা বৈশাখ উদ্যাপনের অনুষ্ঠান সম্পর্কে শিস’র ডিরেক্টর মুহাম্মদ আব্দুল ওহাব বিডিনিউজকে জানান, দিনব্যাপী অনুষ্ঠান চত্বরে ভাওয়াইয়া, পল্লীগীতি, তরজা, ভাদু-টুমু, হারিগানের পাশাপাশি মঞ্চস্থ হবে যাত্রাপালাও। সকালে পদযাত্রায় বাংলার লোকায়ত শিল্প এবং সবধরণের মানুষের সঙ্গে গরুর গাড়ি, পালকি, ভ্যান, রিক্সা ইতাদি নিয়ে সুনিল গঙ্গোপাধ্যায়, বিমান বসুদের সঙ্গে গান গাইতে গাইতে হাটবেন প্রখ্যাত শিল্পী দিলীপ রায়, ইন্দ্রনীল সেন, আয়েশা খাতুন, প্রতুল মুখোপাধ্যায়, অজিত পান্ডে প্রমুখ।

কলকাতা ছাড়াও এই বিষয়ে জনমত গঠনের জন্য শিস’র উদ্যোগে জলপাইগুড়ি, কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।