২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভি’র আনুষ্ঠানিক সম্প্রচার সোমবার শুরু

নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের আরও একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’ সোমবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

রোববার সন্ধ্যায় আরটিভির আনুষ্ঠানিক সম্প্রচারের ঘোষণা প্রদানকালে চ্যানেলটি স্বত্তাধিকারী ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী এমপি বিডিনিউজকে বলেন, দর্শকদের কাছ থেকে আমরা ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আমি মনে করি, আমাদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরটিভি কাউকে প্রাধান্য দেবে না।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

মোসাদ্দেক আলী এমপি জানান, আরটিভিই হবে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল, যেটি যাত্রা শুরুর পর থেকেই দিনে চব্বিশ ঘন্টা টানা অনুষ্ঠান সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, গণফোরাম প্রেসিডেন্ট ড. কামাল হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে আরটিভির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মোসাদ্দেক আলী জানান।

ঢাকা-১০ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোসাদ্দেক আলী বলেন, আমন্ত্রিত অতিথিদের সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।

‘আরটিভি আজ ও আগামীর’ এই শ্লোগানের কথা উল্লেখ করে মোসাদ্দেক আলী বলেন, সংবাদ হবে চ্যানেলটির হৃদয়।  সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পূর্ণ বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আমরা প্রতিশ্র“তিবদ্ধ।

তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যান্যদের মধ্যে আরটিভি পরিচালক এনায়েতুর রহমান উপস্থিত থাকবেন।

আরটিভির সমন্বয়ক কাওসার চৌধুরী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, সুবির নন্দী, ক্লোজ আপ-১ তারকা নোলক বাবু, রাজীব ও বিউটি সঙ্গীত পরিবেশন করবেন।

আরটিভির সংবাদ প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা বিডিনিউজকে বলেন, দর্শকদের মধ্যে যেন বিরক্তিবোধ কাজ না করে সে জন্য তারা ঠিক ত্রিশ মিনিট সংবাদ পরিবেশন করবেন।

মোসাদ্দেক আলী আশা প্রকাশ করে বলেন, ইতোমধ্যে স্থাপিত উন্নতমানের যন্ত্রপাতির সহায়তায় আরটিভি ভাল মানের ছবি পরিবেশন করবে।

উল্লেখ্য, ন্যাশনাল টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন আরটিভির প্রধান কার্যালয় ও সম্প্রচার ভবন রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত।