নোলক বাবু দেশের প্রথম ‘ক্লোজ আপ ওয়ান’
এনটিভি আয়োজিত দর্শকপ্রিয় প্রতিযোগিতামূলক সঙ্গীতানুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’--এর বিজয়মালা পরলেন নোলক বাবু।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফলাফল পর্বে বিউটি ও রাজিবকে হারিয়ে এ গৌরব অর্জন করেন তিনি। দৃষ্টির আড়ালে থাকা জামালপুরের নিুমধ্যবিত্ত পরিবারের ছেলে নোলক অগণিত মানুষের ভালবাসায় এ বিশাল গৌরব অর্জন করে সুখের কান্নায় ভেঙে পড়েন।
এসময় বিচারকদের মধ্যে আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী উপস্থিত ছিলেন। অপর নিয়মিত বিচারক শাকিলা জাফর অবশ্য প্রতিযোগিতার মাঝ পথে বিচারকাজ থেকে অব্যাহতি নেন। তার বদলে প্যানেলে অন্তর্ভুক্ত হন সামিনা চৌধুরী।
এদিকে প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর ৪৯ পান রাজীব। নোলক ও বিউটি পান ৩৯ করে। এদিকে দর্শকদের পাঠানো এসএমএস’এ নোলকের পক্ষে ভোট পড়ে সর্বোচ্চ। নোলক পায় ৭ লক্ষ ৮৫ হাজার ৩১১টি ভোট। অপরদিকে রাজিব পায় ৩ লাখ ১৩ হাজার ৯৪৬ এবং বিউটি পায় ৩ লাখ ২০ হাজার ৩২৮ ভোট।
ক্লোজ আপ ওয়ান হিসেবে নোলক পায় নগদ ১০ লাখ টাকার চেক, ক্রেস্ট এবং একটি ব্র্যান্ড নিউ নিসান সানি গাড়ি। অপরদিকে প্রথম রানার আপ হিসেবে রাজিব পায় পাঁচ লাখ টাকা ও ক্রেস্ট এবং দ্বিতীয় রানার আপ হিসেবে তিন লাখ টাকা ও ক্রেস্ট পায় বিউটি।
ভারতীয় একটি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’--এর আদলে পরিকল্পিত এনটিভির এ অনুষ্ঠানটির আয়োজন করে। দেশে ব্যাপক সাড়া ফেলে এ অনুষ্ঠানটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, ইউনিলিভারের কান্ট্রি ডাইরেক্টর সঞ্জিব মেহতা, এশিয়াটিকের সিইও আলী যাকের, ডিএমডি আসাদুজ্জামান নূর।
এদিকে ঢাকায় মেয়ের অনুষ্ঠান দেখতে আসার পথে বুধবার ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত হন বিউটির মা এবং পরিবারের আরো ক’জন সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
