পথের পাঁচালির উপর কেলেন্ডার ও সিডি প্রকাশিত হচ্ছে
সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালির পঞ্চাশবর্ষ পূর্তি উপলক্ষ্যে দিনপঞ্জিকা ও সিডি প্রকাশ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
পরিকল্পনা গ্রহণকারী প্রতিষ্ঠান স্টুডিও ফরসি’র একজন মুখপাত্র জানান, পথের পাঁচালির সূবর্ণজয়ন্তি উপলক্ষ্যে প্রস্তাবিত দিনপঞ্জিকা প্রকাশের পরিকল্পনা বাংলা চলচ্চিত্রকে বিশ্বের মানচিত্রে আসীন করবে। বাংলায় যে সকল চলচ্চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে, তার সম্পূর্ণ একটি চিত্র প্রামাণ্য দিনপঞ্জিকাটিতে তুলে ধরা হবে।
পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও চিত্র প্রস্তাবিত সিডিতে সন্নিবেশিত হবে। এতে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় বিভিন্ন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও কারিগরি কুশীলবদের জীবন সম্পর্কে মূল্যবান তথ্য যোগ করা হয়েছে।
স্টুডিও ফরসি এক বিবৃতিতে জানিয়েছে, বাঙ্গালি সমালোচক, লেখক ও শিল্পীদের বিভিন্ন তাৎপর্যপূর্ণ মন্তব্য দিনপঞ্জিকাটিতে স্থান পেয়েছে। এতে সতর্কতার সাথে স্থির চিত্রগুলো যোগ করা হয়েছে।
অভাবী শিল্পী ও কারিগরি কুশলীদের সাহায্যার্থে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক দিনপঞ্জিকা ও সিডি বিক্রির অর্থের একটি উল্লেখযোগ্য অংশ পূর্ব ভারত সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টে দেওয়া হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।
