২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তৎপরতার এই সময়ে মুক্তচিন্তার চর্চা আরো বাড়াতে হবে: অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী স্মরণ সভায় বক্তারা

বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মৌলবাদী জঙ্গি তৎপরতার এই সময়ে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও মুক্তচিন্তার চর্চা বাড়ানো ও সকল কূপমণ্ডুকতাকে অতিক্রম করে শ্বাশ্বত মানব ধর্ম প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক সামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মুক্তচিন্তার প্রতিবন্ধকতা ও অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী’ শীর্ষক সভায় বক্তারা অধ্যাপক কোরায়শীর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক অধ্যাপক কোরায়শীকে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, সর্বার্থে তিনি ছিলেন একজন ‘ওয়ার্ল্ড পার্লামেন্টারিয়ান।’

তিনি বর্তমান সময়ে মুক্ত চিন্তার প্রতিবন্ধকতা প্রসঙ্গে মৌলবাদী তৎপরতার বলি অধ্যাপক হুমায়ুন আজাদ এবং অধ্যাপক ইউনুসের কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মুক্তচিন্তার মানুষের বড়ই অভাব। আর সমগ্র জাতি এর কুফল ভোগ করছে।

কবি নির্মলেন্দু গুণ অধ্যাপক কোরায়শীর প্রতি নিবেদিত কবিতা পাঠ করেন। তিনি খেদের সাথে বলেন, যে লোকটি বিপুল অনুবাদকর্মে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বাংলা একাডেমীও যার অনেকগুলো বই প্রকাশ করেছে, তাঁকে বাংলা একাডেমী পুরস্কার দিলে পুরস্কারটিরই মর্যাদা বাড়তো।

দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল অধ্যাপক কোরায়শীর কাছে গভীর ঋণ স্বীকার করে বলেন, মফস্বল শহর ময়মনসিংহের বদলে ঢাকায় বাস করলে তাঁর দীপ্তিময়তা আরও ব্যাপকভাবে সকলে অনুভব করতে পারতো।

তিনি আরও বলেন, তাঁর বলা ও করার মধ্যে নিখুঁত সমন্বয় ছিলো। শিক্ষক, সাহিত্যিক বা সামাজিক রাজনৈতিক ইস্যুতে সোচ্চার একজন সচেতন ব্যক্তি হিসেবেই শুধু নয়, একজন পরিপূর্ণ মানুষ ছিলেন তিনি।

তিনি অধ্যাপক কোরায়শীকে কেন্দ্র করে সামাজিক-সাংস্কৃতিক বিবিধ বিষয়ে নিয়মিত পাঠচক্র আয়োজনের প্রস্তাব করেন।

সভাপতির বক্তব্যে জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট লোকসাহিত্য গবেষক শামসুজ্জামান খান বলেন, এখন দেশে মুক্তচিন্তার অনুসারীরা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে।

মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মাওলানা আকরম খাঁ, বিজ্ঞানী কুদরত-ই-খোদা, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের পাশাপাশি অধ্যাপক কোরায়শীর দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ধর্মের নামে রাজনীতি করা লোকগুলোর সাধ্যও নেই সৃষ্টিশীলতা ও মানবিকতায় তাঁদের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বৃহৎ পরিসরে অধ্যাপক কোরায়শীকে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করেন।