‘কালী’ নির্মাতাকে আদালতে তলব
ভারতে এক তথ্যচিত্রের পোস্টারে হিন্দু দেবী কালীর ঠোঁটে সিগারেট ঝুলিয়ে দেওয়ায় ঘটনায় তুমুল বিতর্কের মধ্যে নির্মাতা লীনা মনিমেকালাইকে তলব করেছে দিল্লির একটি আদালত।
নির্মাতা লীনা মনিমেকালাই গত ২ জুলাই ‘কালী’ নামে সেই তথ্যচিত্রের পোস্টার টুইটারে প্রকাশের পর বিতর্কের ঝড় উঠেছে ভারতজুড়ে; তার বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগে দিল্লি ও উত্তর প্রদেশে একাধিক মামলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, এক আইনজীবীর করা মামলায় দিল্লির একটি আদালত লীনা ও তার কোম্পানিকে তলব করেছে; ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
পড়াশোনার জন্য বর্তমানে কানাডায় অবস্থান করছেন ভারতের তামিলনাড়ুর মেয়ে লীনা।
‘কালী’ তথ্যচিত্রের পোস্টারে দেবীর এক হাতে ত্রিশূল আছে, অন্য হাতে এলজিবিটি সম্প্রদায়ের পতাকা ধরিয়ে দিয়েছেন নির্মাতা; তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন ডানপন্থিরা।
লীনা জানান, দক্ষিণ ভারতের বিভিন্ন উৎসবে মানুষকে তিনি কালীর সাজে দেশি মদ খেতে এবং নাচতে দেখেছেন; তথ্যচিত্রে তিনি সেভাবেই কালীকে উপস্থাপন করেছেন।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে লীনা বলেন, ওই পোস্টার প্রকাশের পর হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি; নিজের নিরাপত্তা নিয়ে তিনি এখন শঙ্কিত।
টরন্টোর মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়ছেন লীনা; পড়াশোনার অংশ হিসেবেই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন, যেটি টরন্টোর আগা খান মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে।
কিন্তু কানাডায় ভারতীয় হাই কমিশনের অনুরোধে আয়োজকরা কালীর সেই পোস্টার সরিয়ে নিয়েছে।
৩৯ বছর বয়সী লীনা এক ডজনের বেশি সিনেমা, তথ্যচিত্র নির্মাণ করেছেন; নির্মাণের পাশাপাশি তিনি কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। তার লেখা কবিতা নিয়ে পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
