২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন এ আর রহমান

ঢাকায় কনসার্টে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা গান গাইলেন ভারতের অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 12:29 AM

Updated : 02 Aug 2022, 03:15 PM

‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ শিরোনামে গানটি মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে গেয়ে শোনান তিনি।

বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটির সুর, সংগীত করেছেন এ আর রহমান নিজেই।

গানটি পরিবেশনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাও প্রকাশ করেন এ ভারতীয় তারকা।

এ আর রহমানের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ শুনে প্রেসিডেন্ট বক্স থেকে মঞ্চের ভিডিও ধারণ করতে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে প্রধানমন্ত্রী

এ গানের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশের কোনো বাংলা গানে পাওয়া গেল এ আর রহমানকে।

ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তিনি।

এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি হিন্দি গানেও সুর বেঁধে কণ্ঠ দেন তিনি; সেই গানটিও মিরপুরের মঞ্চে পরিবেশন করেন এ আর রহমান। হিন্দি গানটিও লিখেছেন জুলফিকার রাসেল।

বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

জন্মশতবার্ষিকীতে গত বছরের মার্চে হিন্দি গানের ভিডিওচিত্র প্রকাশিত হয়েছিল। সেই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই আয়োজনে এ আর রহমানের থাকার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে তিনি বাংলাদেশে আসতে পারেননি।

বঙ্গবন্ধুকে নিয়ে দুই গান নিয়েই বাংলাদেশের শ্রোতাদের সামনে সরাসরি হাজির হলেন এ আর রহমান।

সন্ধ্যায় শুরু হওয়া এই কনসার্টে রাত পৌনে ১০টার দিকে মঞ্চে ওঠেন এ আর রহমান। তার একের পর এক গানে সুরের ইন্দ্রজালে বুঁদ করেন স্টেডিয়ামভর্তি দর্শকদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসা‌র্টের আ‌য়োজন ক‌রে‌ছে বি‌সি‌বি।  জনপ্রিয় ব্যান্ড দল মাইলস ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ এই কনসার্টে অংশ নেন।

বারিধারা শেষে সুরের ধারা নিয়ে মঞ্চে এ আর রহমান

মাইল‌সের গা‌নে শুরু ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’