২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদকটা বুকে জড়িয়ে ধরলেন মা, বললেন আনোয়ারার মেয়ে

শারীরিক অসুস্থতাজনিত কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজনে যেতে পারেননি অভিনেত্রী আনোয়ারা বেগম; মেয়ের কাছ থেকে পুরস্কারটি হাতে পেয়ে অভিভূত হয়েছেন এ অভিনেত্রী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 08:47 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’-এর আয়োজনে আনোয়ারাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সরকার।

আনোয়ারার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার মেয়ে, অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি; পারে পদকটি মায়ের হাতে তুলে দেন তিনি।

মুক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি পুরস্কারটা হাত দিয়ে ধরেছেন; পরম মমতায় বুকে নিয়েছেন।”

পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

মুক্তি বলেন, “পদকটা হাতে নেওয়ার পর মা প্রধানমন্ত্রীর কথা জিজ্ঞাসা করেছেন। আমি বললাম, ‘আম্মু উনি তোমার কথা বলেছেন’। জিজ্ঞাসা করলেন, ‘উনি আমার কথা কী বলেছেন?  বললাম, ‘তোমার সুস্থতার জন্য দোয়া করেছেন’। শুনে মা খুব খুশি হয়েছেন। বললেন, দেখছ সবাই আমাকে কত ভালোবাসে।”

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দিন দশেক আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আনোয়ারাকে। দুদিন আগে বাসায় ফিরলেও মাঝে মাঝে পরিচিতজনকেও চিনতে পারছেন না ৭৪ বছর বয়সী এ অভিনেত্রী। চোখও ঠিকমতো দেখতে পারছেন না।

সাংবাদিকরা খোঁজ নিলে বলি, মরি নাই: আনোয়ারা  

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: আনোয়ারার আজীবন সম্মাননা নিলেন মেয়ে  

অভিনেতা হব, চিন্তাও করিনি: রাইসুল ইসলাম আসাদ  

মুক্তির বললেন, “আমাকে বলছে, পদকটা এমনভাবে রাখবা যেন সেটি কেউ যেন নিয়ে যেতে না পারে। আমি বলেছি, কেউ নেবে না। আমি যত্ন করে রাখব বলেছি।”

“অনেকের সঙ্গে কথা বলছেন, মাঝখানে হঠাৎ জিজ্ঞাসা করছেন, আপনার নাম কী? সব কিছু ভুলে গেছেন- তা না। কিছু কিছু বিষয় হঠাৎ ভুলে যান।”

তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অল্প উন্নতি ঘটেছে বলে জানান মুক্তি।

“শরীরে শক্তি আসতে সময় লাগবে। উনি ভালোই আছেন। খাবার খেতে পারছেন। বাসাতেই আছেন। কথা বলছেন। বাবা মারা গেছেন। সেটা অনেক সময় খেয়াল থাকে না। আব্বার নাম ধরে জিজ্ঞাসা করেন, তোমার আব্বা কোথায় গেছেন। আমরা বলি, বাইরে গেছেন।”

আনোয়ারার সঙ্গে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

 ষাটের দশকে একজন নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে নাম লেখান আনোয়ারা। ১৯৬৪ সালে জহির রায়হানের ‘সংগম’ চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে অভিনয়ে ক্যারিযার শুরু করেন তিনি। ১৯৬৭ সালে ‘বালা’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আবির্ভূত হন।

‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় আলেয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন আনোয়ারা। দীর্ঘ ক্যারিয়ারে ‘আযান’, ‘নাচঘর’, ‘শুভদা’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দেবদাস’, ‘ভাত দে’সহ পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তিনি এর আগে আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।