২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র হাতে যুদ্ধে সাবেক মিস ইউক্রেইন

দেশ যখন যুদ্ধে, তখন ভূমিকাও গেছে বদলে, আর নতুন ভূমিকায় অস্ত্র হাতে তুলে নিলেন সাবেক মিস ইউক্রেইন আনাস্তাশিয়া লেনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 09:48 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

ইউক্রেইনে আগ্রাসন চালানো রাশিয়ার সেনাদের মোকাবেলায় তার যুদ্ধে নামার খবর এসেছে যুক্তরাজ্যের স্কাই নিউজ।

অ্যাসল্ট রাইফেল হাতে লেনার ছবি এখন ঘুরছে ইন্টারনেটে, যিনি ২০১৫ সালের মিস গ্র্যান্ড আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় ইউক্রেইনের প্রতিনিধিত্ব করেছিলেন।

ইনস্টাগ্রামে লেনা লিখেছেন, রাশিয়ান বাহিনীর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে ইউক্রেইনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি।

 

“যে ব্যক্তি আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে ইউক্রেইনের সীমান্ত পার হবে, তাকে হত্যা করা হবে,” এই হুমকি দেওয়ার সঙ্গে সশস্ত্র সৈন্যদের রাস্তা অবরোধের একটি ছবিও দিয়েছেন তিনি।

ইউক্রেইনের সেনাবাহিনীর প্রশংসা করেছেন লেনা, প্রশংসায় ভাসিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

তাকে ‘সত্যিকারের শক্তিশালী নেতা’ অভিহিত করে সৈন্যদের সঙ্গে প্রেসিডেন্টের হাঁটার একটি ছবিও শেয়ার করেছেন লেনা।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, সাবেক মিস ইউক্রেইন রাস্তার দিক-নির্দেশনামূলক সব চিহ্ন সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন, যাতে আক্রমণকারী সৈন্যদের ইউক্রেনের মধ্য দিয়ে চলাচল করা কঠিন হয়।

“দেশের সকল রাস্তার সাইনগুলোকে ভেঙে ফেল। তারা এই ভূখণ্ড চেনে না। আসুন তাদেরকে নরকে যেতে সাহায্য করি।”

লেনা কিয়েভের স্লাভিস্টিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে স্নাতক পাস করেছেন। তিনি আগে তুরস্কে একজন মডেল ও জনসংযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। পাঁচটি ভাষায় কথা বলতে পারা লেনা একজন অনুবাদকও।

আরও পড়ুন

নাগরিকদের যুদ্ধে নামার আহ্বান জেলেনস্কির, অস্ত্র দেওয়ার অঙ্গীকার  

কোচিংয়ে না ফিরে যুদ্ধে যাচ্ছেন ইউক্রেইনের সাবেক ফুটবলার