‘গাঙ্গুবাই’র নাম বদলাতে হচ্ছে না
নির্ধারিত দিন শুক্রবারই মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, আর সিনেমাটির নামও বদলাতে হচ্ছে না।
ভারতের সুপ্রিম কোর্ট চলচ্চিত্রটির নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পক্ষেই রায় দিয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে।
এনডিটিভি জানিয়েছে, বাবু রাওজি শাহর আবেদন আদালত খারিজ করে দিয়েছে, যিনি নিজেকে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বলে দাবি করছেন।
রাওজি দাবি করেছিলেন যে এই সিনেমা তার মায়ের জন্য মানহানিকর। কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি সত্যিই প্রয়াত গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র।
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি মুম্বাইয়ের কামাথিপুরার মাফিয়া ডন গাঙ্গুবাইর জীবনীর উপর ভিত্তি করে তৈরি। হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে মূল ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট, অভিনয় করেছেন অজয় দেবগন ও বিজয় রাজও।
তবে চলচ্চিত্রটির মুক্তি স্থগিত করার জন্য কয়েকটি মামলা হলে তা আদালতে গড়ায়। বুধবার সুপ্রিম কোর্ট চলচ্চিত্রের মুক্তি স্থগিত রাখার পাশাপাশি নাম পরিবর্তনের পরামর্শও দিয়েছিল।
তবে বানসালির আইনজীবী সিদ্ধার্থ দাভে শুনানিতে বলেন, সিনেমাটি একদিন বাদেই মুক্তি পাবে। ফলে এখন নাম পরিবর্তনের প্রস্তাবটি বাস্তবসম্মত নয়।
বিতর্কের মুখে এর আগে বানসালিকে ‘গোলিও কা রাসলীলা রাম লীলা’ এবং ‘পদ্মাবত’ সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছিল।
