২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রকস্টার’র শুটিংয়ে যশ-নুসরাত ফারিয়া

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘রকস্টার’ সিনেমায় জুটি বাঁধলেন টালিগঞ্জের অভিনেতা যশ দাশগুপ্ত ও ঢাকার অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 06:49 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

শুক্রবার থেকে কলকাতায় শুটিংয়ে যোগ দিয়েছেন তারা; শুটিংয়ের ফাঁকে যশ-ফারিয়ার কয়েকটি স্থিরচিত্র এসেছে গণমাধ্যমের কাছে। ছবিতে ফারিয়াকে সাদা-সবুজ রঙের পোশাকে ও যশকে কালো শার্ট ও নীল জিনসে দেখা গেছে।

বাংলাদেশের শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল ও ভারতের অরিন্দম দাসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন টালিগঞ্জের নির্মাতা আয়ুষ্মান প্রত্যুষ।

এর আগে প্রত্যুষের চিত্রনাট্যে ‘বাদশা: দ্য ডন’, ‘বস’, ‘নটি কে’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া; নায়িকা হিসেবে এবারই তার সিনেমায় কাজ করছেন ফারিয়া।

স্ত্রী ও অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশের জুটি টালিগঞ্জে বেশ আলোচিত; নুসরাত ফারিয়ার বিপরীতে প্রথমবারের মতো কাজ করছেন যশ।

সিনেমায় যশ একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করছেন; তবে ফারিয়ার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও বেশ জনপ্রিয় ফারিয়া।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করেছেন; সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।