মার্চে আসছে পরীমনি-রাজের ‘গুনিন’
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি পাচ্ছে পরীমনি ও শরিফুল রাজ জুটির প্রথম চলচ্চিত্র ‘গুনিন’।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমাটি ২০ ফেব্রুয়ারি সেন্সর সনদ পেয়েছে; মার্চের দিকে সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান এ নির্মাতা।
হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি; এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে গিয়েই প্রণয়ে জড়ান তারা; পরে তা পরিণয়ে রূপ নেয়।
সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী।
সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।
