‘সিঙ্গেল’ নন, জানালেন সিদ্ধান্ত চতুর্বেদী
নিজের জীবনে এক মানবীর উপস্থিতি স্বীকার করেছেন ‘গেহরাইয়া’খ্যাত বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, তবে তিনি কে তা খোলসা করেননি।
সিদ্ধান্ত বলিউডে নতুন মুখ বলে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা এখনও কম, তবে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। সর্বশেষ সবার মনোযোগ কেড়েছেন শাকুন বাত্রার ‘গেহরাইয়া’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করে।
এর আগে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্তের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তাকে নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনো নারীর সঙ্গে সম্পর্কে থাকার কথা স্বীকার করেই ফেলেন সিদ্ধান্ত।
নিজেকে ‘লাজুক মানুষ’ হিসেবে তুলে ধরে বলিউড বাবলকে দেওয়া সেই সাক্ষাৎকারে সিদ্ধান্ত সম্পর্কের কথা প্রকাশ করলেও তার নাম প্রকাশ্যে আনেননি।
“যা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তা আমাদের লুকিয়ে রাখা উচিৎ,” যুক্তি দেখান তিনি।
‘শো অফ’ পছন্দ করেন না জানিয়ে সিদ্ধান্ত বলেন, “হয়ত তার হাতটাও জনসমক্ষে আমি ধরতে পারব না।”
তরুণ এই অভিনেতা চান, সবাই তার কাজ নিয়েই যেন কথা বলে, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।
সিদ্ধান্ত চতুর্বেদী ২০১৯ সালে “গালি বয়” সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘গেহরাইয়া’র পর তাকে দেখা যাবে ‘ফোন ভুত’ সিনেমায়, যেখানে তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইশান খট্টর।
