২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে আসছে ‘মুখোশ’ ও ‘শিমু’, ঈদে ‘শান’

আগামী মার্চ মাসেই সিনেমা হলে আসছে নতুন দুই সিনেমা; ঈদুল ফিতরে আরেকটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 03:56 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

এর মধ্যে পরীমনি ও মোশাররফ করিম অভিনীত ‘মুখোশ’ ৪ মার্চ, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ ১১ মার্চ মুক্তি পাবে। আর সিয়াম আহমেদ-পূজা চেরি জুটির ‘শান’ ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’ পরিচালনা করেছেন তরুণ পরিচালক ইফতেখার শুভ।

মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন।

প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা সংগ্রামী মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবী মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা। অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

পরিচালক এম রাহিম প্রথমবারের মত সিয়াম-পূজাকে নিয়ে দর্শকদের সামনে আসছেন ‘শান’ সিনেমা নিয়ে।

এ সিনেমার গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। অন্যদের মধ্যে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস।