২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁটছড়া বাঁধছেন ফারহান-শিবানী

দীর্ঘ চার বছরের সম্পর্ককে পরিণতি দিতে গাঁটছড়া বাঁধতে  যাচ্ছেন বলিউড অভিনেতা ফারহান আখতার এবং মডেল ও অভিনেত্রী শিবানী দাণ্ডেকর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:36 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, শনিবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি, পরে সোমবার তারা ছোট করে অনুষ্ঠানিকতা সারবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মেহেন্দি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফারহান এবং শিবানীর বিয়ের উৎসব শুরু হয়।

হিন্দুস্তান টাইমস লিখেছে, “২১ ফেব্রুয়ারি বান্দ্রায় তাদের বাড়িতে এই জুটি তাদের বিয়ের নিবন্ধন করবেন। সন্ধ্যায় বন্ধু এবং সহকর্মীদের নিয়ে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

অন্যদিকে ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে বলা হয়, “ফারহান এবং শিবানী ১৯ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবন্ধ হবেন। পরে ২১ ফেব্রুয়ারি তাদের কোর্ট ম্যারেজ হবে।”

একটি নিউজ পোর্টালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিজেদের ধর্মমত এবং বিশ্বাসকে বিশেষ এই দিনটিতে দূরে সরিয়ে রাখার জন্য তারা প্রথাগত বিয়ের ‘ফাঁদ এড়ানোর’ পথ বেছে নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের বিয়ের রীতির পরিবর্তে ঘনিষ্ঠ স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করে নিজেদের নতুন জীবনে পা দেবেন এই জুটি।

ইতোমধ্যে তারা দুজনেই শপথ বাক্য লিখে ফেলেছেন, যা মূল অনুষ্ঠানের দিন পড়ে শোনাবেন।

এর আগে বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতারের বাবা ও গীতিকার জাভেদ আখতার ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছিলেন।

তবে বড় করে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “আমরা বিয়েতে কেবল কয়েকজনকেই ডাকছি। এটা খুবই সাদামাটাভাবে সারা হবে।”

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অতিথি আপ্যায়নে খান্ডালার কাছাকাছি পুরো একটি বাংলো ভাড়া নিয়েছেন ফারহান এবং শিবানী।

প্রতিবেদনে বলা হয় কোভিড পরিস্থিতির কারণে ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এই তালিকায় শাহরুখ খান হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, রিতেশ সিদওয়ানির নাম রয়েছে।

ভারতীয় অভিনেতা ফারহান আখতারের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রলীয় মডেল এবং সঞ্চালক শিবানী দাণ্ডেকরের সম্পর্কের শুরু হয় ২০১৮ সালে।

এর আগে হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সংসার করেন ফারহান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ফারহান ও অধুনার দুটি মেয়ে রয়েছে।