২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচ অথবা নৈরাজ্য: সোলো আসছেন ঢাকার মঞ্চে

জীবনের একটা সময় পথই ছিল তার ঠিকানা, পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন; সেখান থেকে নাচতে নাচতেই উঠে এসেছেন বিশ্বমঞ্চে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 03:44 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মালির নৃত্যশিল্পী সুলেমান সানোগো নিজের জীবন গল্প বলতে শরণ নিয়েছেন নাচের; শরীরী ভাষা আর অভিব্যক্তির প্রকাশে মঞ্চের আলোয় সংগ্রামের ছবি এঁকে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ‘সোলো’ নামে।

সোলো এবার আসছেন বাংলাদেশে। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে তার পরিবেশনা ‘নাচ অথবা নৈরাজ্য’।

এই শিল্পীর ভাষ্যে, “আমি যখন নাচি, তখন সবকিছু ভুলে যাই। ওই সময়টাই আমি সবচেয়ে সুখ অনুভব করি। নাচ আমার নিজেকে খুঁজে পাওয়া।”

শৈশবজুড়ে নির্মমতা আর দারিদ্র্যকে সঙ্গী করে বেড়ে উঠা সোলোর জীবন বদলে দিয়েছে নাচ। ২০১৯ সালে ভারতের চেন্নাইয়ে এসেছিলেন তিনি; সেখানে পরিবেশনা শেষে নিজে গল্প শুনিয়েছিলেন দর্শকদের। সেই গল্প তখন প্রকাশ করেছিল ভারতের সাংবাদমাধ্যম হিন্দু।

পথের ঠিকানায়

১৯৮৮ সালে মালির নিভৃত গ্রাম সোমাদোগোয় সুলেমান সানোগোর জন্ম; সেখান শৈশব কেটেছে দাদির কাছে। ২০০১ সালে দাদির মৃত্যুর পর বাবা-মায়ের কাছে ফিরতে বাধ্য হন।

“আমি বাবা-মায়ের কাছে ফিরতে চাইনি, তারা আমাকে দাদির কাছে ফেলে গিয়েছিল। তারা আমাকে মাঠে কাজ করতে বলত।”

‘কাজ না করলে খাবার মিলবে না’- অনবরত এ কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলেন সোলো; নিজের পরিবারে টিকতে না পেরে ১৫ বছর বয়সে তিনি বামকো শহরে পাড়ি জমান।

হাতে কানাকড়িও নেই; খাবার জোগাড় করতে রাস্তায় রাস্তায় পানির বোতল বিক্রি শুরু করলেন। তাতে পুরো মাসে মিলত ছয়শ টাকার মত। ওই দিয়ে খেয়ে-পরে বেঁচে থাকা যায়!

“আমি ভেবেছিলাম কিছু টাকা জমিয়ে গ্রামে ফিরে যাব। তবে কুলাতে পারছিলাম না। রাস্তার পাশে ঘুমাতাম।”

২০০৩ সালে প্রায় এক বছর গৃহহীন সোলোর জন্য পথই ছিল ঠিকানা। ওই অবস্থায় হাইতির কোরিওগ্রাফার কেটি নোয়েলের সঙ্গে পরিচয় হয় তার। নোয়েলের এক বন্ধু গৃহহীনদের সহায়তা করতেন; সেই সুবাদেই নোয়েলের সঙ্গে সোলোর কথা হয়। সোলোকে তিনি নাচের স্কুলে নিয়ে যান।

“দেখা হওয়ার পর আমরা একসঙ্গে নেচেছিলাম। যদিও নাচ নিয়ে কোনো ধারণা তখন আমার ছিল না।“

নাচের স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম ক্লাসে কনটেমপোরারি নাচের সঙ্গে প্রথম পরিচয় হয় সোলোর; সেই ক্লাস তার জীবন বদলে দেয়।

তারপর আর সোলোকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আপন আঙিনা ছাড়িয়ে নাচের ভুবনে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন। নাচ নিয়েই এখন ঘুরে চলেছেন বিশ্বের নানা প্রান্তে।

ফিরেছিলেন আপন ঠিকানায়

নাচের ছন্দে নিজের জীবনে ছন্দ ফেরানোর পর সোলো ফিরেছিলেন সেই পথে, যেখান থেকে তিনি উঠে এসেছেন।

সেখানকার পথশিশুদের নিয়ে তিনি কাজ করেছেন। সোলো বিশ্বাস করেন, শিল্পকলা মানুষের জীবন বদলে দিতে পারে।

“তাদের আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলেছি, আমার পরিবেশনা আমন্ত্রণ জানিয়েছি। নাচের চর্চার জন্য তাদের একটি পরিবেশ তৈরি করে দিতে চেয়েছি। নাচ নিয়ে তারাও আগ্রহী হয়ে উঠেছে।”

নাচ অথবা নৈরাজ্য

সোলোর জীবনের গল্প শুনে লেখক-নাট্যকার জঁ-লুই সাগো-ডিভারো তার জীবনকে ‘নাচ অথবা নৈরাজ্য’ নামে সূচিত করে অনূদিত করেছেন নৃত্যনাট্যে

এ পরিবেশনা মূলত জীবনের কঠিন সময় থেকে মুক্তির কথা বলে; আফ্রিকান প্রথাগত নাচের ঢঙে তা তুলে এনেছেন সোলো। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১২ বারের বেশি মঞ্চায়িত হয়েছে ‘নাচ অথবা নৈরাজ্য’।

অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার আয়োজনে ঢাকায় শিল্পকলার মঞ্চে সেই নাচ পরিবেশন করবেন সোলো।