বাপ্পি লাহিড়ীর বাংলা গানগুলো
বাপ্পি লাহিড়ীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গে; ক্যারিয়ার গড়তে মুম্বাই গিয়ে সেখানেই থিতু হলেও বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এ সুরস্রষ্টা। তার সুরে ‘চিরদিনই তুমি যে আমার’ পশ্চিমবঙ্গ ছাপিয়ে বাংলাদেশের শ্রোতাদের মুখে মুখে এখনও ফেরে।
বাপ্পি লাহিড়ীর প্রয়াণের দিনে তার সুরে ও গাওয়া কয়েকটি বাংলা গান শ্রোতাদের জন্য।
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত টালিগঞ্জের ‘অমর সঙ্গী’ সিনেমায় বাপ্পি লাহিড়ীর সুরে গানটি কণ্ঠে তুলেছিলেন কিশোর কুমার; রোমান্টিক ঘরানার গানটি প্রকাশের পর বাংলা গানের শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায়।
সিনেমায় এ গানে ঠোঁট মিলিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়; গানটির সুবাদে রাতারাতি দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান প্রসেনজিৎ। তারপর বেশ কয়েকটি গানে বাপ্পি-প্রসেনজিৎ জুটিকে পেয়েছে বাংলা সিনেমা দর্শক।
প্রিয় বাপ্পিদাকে শ্রদ্ধা জানাতে সেই গানেরই শরণ নিলেন এ অভিনেতা; আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, “চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই বাপ্পিদা। যেখানে থাকবে, ভাল থাকবে।”
গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের লেখা গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেন আশা ভোঁসলে; বাপ্পি লাহিড়ীর সুরে ‘যেখানেই থাকো সুখে থাকো’ শিরোনামে সিনেমার আরেক গানেও কণ্ঠ দেন আশা।
বলিউডে থিতু হওয়ারও আগে ১৯৭২ সালে প্রথম ‘দাদু’ নামে একটি বাংলা সিনেমায় সুর দিয়েছিলেন বাপ্পি। পরে বলিউডের একের পর এক সিনেমার গানে সুরের ইন্দ্রজাল ছড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
‘অমর সঙ্গী’ মুক্তির পর ১৯৮৯ সালে টালিগঞ্জের ‘আশা ও ভালোবাসা’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন বাপ্পি। তার সুরে ‘তুমি আমার আশা’ গানে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার; ঠোঁট মিলিয়েছেন প্রসেনজিৎ।
সুরারোপের পাশাপাশি এ সিনেমায় আশা ভোঁসলের সঙ্গে যৌথভাবে ‘বেশি কী বলি’ শিরোনামে গানে কণ্ঠও দেন বাপ্পি।
একই বছর মুক্তি প্রাপ্ত বিমল রায়ের ‘আমার তুমি’ সিনেমার সংগীত পরিচালনায়ও পাওয়া গেছে বাপ্পি লাহিড়ীকে।
বাপ্পির সুরে লতা মঙ্গেশকরের গাওয়া ‘বলছি তোমার কানে কানে আমার তুমি’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়; এ সিনেমায়ও অভিনয় করেছেন প্রসেনজিৎ।
এর আগে ১৯৮৩ সালের মুক্তি পাওয়া ‘প্রতিদান’ সিনেমায় বাপ্পি লাহিড়ীর সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গানটিও শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে।
প্রভাত রায়ের পরিচালনায় এ বাংলা সিনেমায় সিনেমায় ভিক্টর ব্যানার্জি, নাসিরুদ্দিন শাহ,শর্মিলা ঠাকুরসহ আরও অনেকে অভিনয় করেছন।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘অন্তরালে’ সিনেমায় বাপ্পির সুরে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গেয়েছেন কিশোর কুমার; গানটির জন্য বাপ্পি-কিশোর জুটিকে আলাদাভাবে মনে রেখেছেন বাংলা গানের শ্রোতারা।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া প্রসেনজিৎ-জুহি চাওলা জুটির ‘অমর প্রেম’সহ আরও কয়েকটি টালিগঞ্জের সিনেমায় পাওয়া গেছে বাপ্পি লাহিড়ীকে।
সিনেমার পাশাপাশি নব্বইয়ের দশকে তিনি প্রকাশ করেন একক অ্যালবাম ‘তোমাকে আমি ভালোবেসেছি’; এতে বাপ্পির গাওয়া ‘শেষ ট্রামে দুজনাতে’ গানটিও বেশ আলোচিত।
ভারতের পাশাপাশি বাংলাদেশের গানেও ইন্দ্রধনু ছড়িয়েছেন বাপ্পি লাহিড়ী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আব্দুল জব্বারের গাওয়া ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে’ গানটির সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী। গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত, যিনি সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী।
১৯৯২ সালে ফারুক, জাফর ইকবাল ও রোজিনা অভিনীত বাংলাদেশের ‘বন্ধু আমার’ সিনেমায় ‘একটাই কথা আছে বাংলাতে’ গানে সুর তুলেছেন বাপ্পি। মুন্না আজিজের সঙ্গে যৌথভাবে এ গানে কণ্ঠও দেন তিনি। গানটি বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা পায়।
রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের গানে সুরারোপ করে। ১৯৮২ সালে বাপ্পি লাহিড়ীর সুরে ‘সুপার রুনা’ অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে এসেছিলেন রুনা লায়লা। ‘চালু চলি’সহ কয়েকটি হিন্দি গানে পাওয়া গেছে তাদের।
১৯৯০ সালে মুক্তি পাওয়া টালিগঞ্জের ‘মন্দিরা’ সিনেমায় বাপ্পির সুরে আবদুল আজিজের সঙ্গে ‘সংগীতে আজ আমরা দুজন’ গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।
পরে সোহানুর রহমান সোহানের পরিচালনায় রিয়াজ-পূর্ণিমা জুটির ‘লোভে পাপ পাপে মৃত্যু’সহ কয়েকটি ঢাকাই সিনেমার গানে সুরারোপ করেছেন বাপ্পি লাহিড়ী।
