হাতিরঝিলে জেমস, টুটুল ও হাসানের কনসার্ট স্থগিত
ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘লাল সবুজের মহোৎসব’ চলাকালে দর্শকদের মারামারির ঘটনার পরদিন বৃহস্পতিবারের সমাপনী আয়োজনে জেমস, এস আই টুটুল ও হাসানের পরিবেশনা স্থগিত করেছেন আয়োজকরা।
বৃহস্পতিবার সকালে ‘লাল সবুজে মহোৎসব’ ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বনির্ধারিত আয়োজন স্থগিত হওয়ায়’ বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী আয়োজনের জেমস, এস আই টুটুল ও হাসানের পরিবেশনা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে গান বাংলা টেলিভিশনের কোনো আয়োজনে তাদের একসঙ্গে পাওয়া যাবে।
তবে কী কারণে তাদের পরিবেশনা স্থগিত করা হয়েছে-তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আয়োজনে ১৬ দিনের ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় দেশের বিভিন্ন ব্যান্ড অংশ নিয়েছে; বুধবারের আয়োজনে মারামারির খবর শুনে তা থামাতে গিয়ে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদের আহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে।
গানের আয়োজন স্থগিত হলেও রাষ্ট্রীয় আায়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। অতিথিরা সমাপনী বক্তব্য রাখবেন।
আতশবাজি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে ‘বিজয়ের ৫০ বছর - লাল সবুজের মহোৎসব’।
