মুশকান জুবেরী চরিত্রে রহস্য ছড়ালেন বাঁধন
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী রূপে হাজির হয়ে রহস্য ছড়ালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে নির্মিত এ সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।
ওয়েব সিরিজটি ১৩ অগাস্ট ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বলে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (বিপণন ও যোগাযোগ) ফায়সাল মাহবুব জানান।
বইয়ের পাতার রহস্যময় চরিত্রে মুশকান জুবেরীকে ঘিরে আবর্তিত হয়েছে ওয়েব সিরিজের গল্প। যিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে একটি হোটেলের মালকিন; যাকে ঘিরে সুন্দরপুরের মানুষের কৌতুহলের অন্ত নেই। যার রান্নার সঙ্গে রূপের মোহজালেও বুঁদ হয়ে থাকেন রেস্তোঁরার অতিথিরা।
টিজারের শুরুতে মুশকান বললেন, ‘সত্য। দ্য হোল ট্রুথ। জানলে পিলে চমকে যাবে!’ টিজারে সেই সত্যটা না জানানো হলেও শেষভাগে মুশকানের বেশে বাঁধন হাজির হন ভয়ংকর রূপে।
এতে বাঁধন ছাড়াও এতে খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরুপন চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন।
নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন বাঁধন। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রের টিমের সঙ্গে তিনি ফ্রান্সে রয়েছেন।
