নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলার তদন্তে সিআইডি
তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবুর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
বাংলাদেশ সাইবার ট্রাইবুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন বলে বাদীর আইনজীবী ফারুক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ফারুক আহাম্মদই মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইথুন বাবুর পক্ষে ওই মামলার আবেদন করেছিলেন। বিচারক বুধবার ইথুন বাবুর জবানবন্দি শুনে তদন্তের আদেশ দেন।
গায়ক মাঈনুল আহসান নোবেল
এর আগে একই অভিযোগে ২৩ মে রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিলেন ইথুন বাবু।
সময় টেলিভিশন কর্তৃপক্ষও সম্প্রতি তাদের এক প্রতিবেদককে ‘বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি’ দেওয়ার অভিযোগে নোবেলের বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করে।
এসব অভিযোগের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি নোবেল।
