জুহি চাওলা: ঋষি আমাকে ‘ইনসিকিউরড অ্যাক্টর বলেছিলেন’
দেখতে দেখতে এক বছর হয়ে যাচ্ছে বলিউড অভিনেতা ঋষি কাপুরের চলে যাওয়ার। এবার তার সহকর্মী জুহি চাওলা তাকে স্মরণ করলেন নিজের মতো করে।
‘বোল রাধা বোল’এর জনপ্রিয় জুটি জুহি চাওলা এবং ঋষি কাপুর পর্দার বাইরেও ছিলেন দারুণ বন্ধু।
এক আলাপে প্রয়াত সহকর্মী সম্বন্ধে জুহি বলেন, “তার কথা বলার ধরনই ছিল অন্য রকম। আমরা যারা তাকে চিনতাম, তারা ওর মজা করার ধরনটা বুঝতে পারতাম”।
অনেক সময় জুহিকে ‘ইনিসিকিউর অ্যাক্ট্রেস’ও বলতেন ঋষি। কারণ একটি শুটিংয়ে শট দেওয়ার পর তিনি মনিটরের কাছে দৌড়ে গিয়েছিলেন।
তখন ঋষি তাকে বলেন, “এটা পরিচালকের কাজ- তোমার না! ইনসিকিউরড অ্যাক্ট্রেস...।”
পর্দায় সরব না থাকলেও ব্যবসায় বা ক্রিকেটের বাণিজ্যে সরগরম থাকা জুহি চাওলা আরও বলেন, “ঋষিকে দেখলে অনেকেই ভাবতেন তিনি রগচটা টাইপের মানুষ। কিন্তু তার এই ইমেজটা শামুকের মতন। বাইরে শক্ত খোলশ কিন্তু ভিতরে ভীষণ নরম।”
জুহি-ঋষি জুটির শেষ সিনেমা ‘শারমাজি নামকিন’, মুক্তির অপেক্ষায় রয়েছে।
