২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের সহকর্মীদের ওপর চটলেন নওয়াজ

এবার একহাত নিলেন সহকর্মীদের ওপর বলিউডের অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 08:32 PM

Updated : 25 Jul 2022, 05:21 PM

‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে বলিউডে জিরো থেকে হিরো হওয়া এই শিল্পী ভীষণ চটেছেন সহকর্মীদের ওপর; মানে অন্যান্য শিল্পীদের ওপর।

সাম্প্রতিক সময়ে লকডাউন শিথিল হওয়ার পর অনেকেই প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন।

তবে হঠাৎ করেই ভারতে বেড়ে গেছে করোনাভাইরাসের সংক্রমণ। মৃতের সংখ্যা বাড়ছে, ওদিকে অনাহারে কাটছে সাধারণের জীবন। এমনকী অনেক শিল্পীও নিজেদের দৈন্যদশা বলতে আর সঙ্কোচ বোধ করছেন না।

এই অবস্থায় অন্যদের ‘দ্বায়িত্বহীন’ আচরণে বিরক্ত ‘সিরিয়াস ম্যান’ খ্যাত নওয়াজ।

স্থানীয় একটি পত্রিকার সঙ্গে আলাপ কালে তিনি বলেন, “মালদ্বীপকে ওরা তামাশা বানিয়ে ফেলেছে। আরে ভাই, বেড়াতে গেলেও ছবি দেওয়ার তো এখন প্রয়োজন নেই মানুষ না খেয়ে মরছে। একটু তো লজ্জাবোধ করুন আপনারা।”

তিনি বলেন, “নিজের জীবন নিজের কাছে। কিন্তু অন্যরা তো তারকাদের অনুসরণ করেন। তাই তারকাদেরও প্রয়োজন দ্বায়িত্বশীল আচরণ দেখানো।”

তিনি কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে বলেন, “ভাই আমি আমার বাসাতেই আছি। এটাই আমার প্রমোদের স্থান।”

সম্প্রতি ভারতীয় বেশ কয়েকজন শিল্পীর মালদ্বীপ ভ্রমণ ও ছবি প্রকাশের পর নিজের ‍উষ্মা প্রকাশ করেন বলিউডের ‘গ্যাংস্টার’ অভিনেতা।

এই তারকাদের মাঝে আছেন জাহ্ণবি কাপুর, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, আলিয়া ভাটের মতো শিল্পীরা।