২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর কথা-সুরে গান গাইলেন কবীর সুমন

প্রায় পাঁচ দশক আগে যে স্টুডিওতে নিজের দ্বিতীয় রবীন্দ্র সংগীতের গ্রামোফোন রেকর্ড করেছিলেন সেখানেই দুটি বাংলা আধুনিক গান রেকর্ড করলেন কবীর সুমন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 08:39 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

গত ১২ ডিসেম্বর সাবেক হিন্দুস্তান রেকর্ড যার বর্তমান নাম ‘ইনরেকো’ সেখানে ছাত্রী রাকা ভট্টাচার্য্যের কথা ও সুরে গান দুটি রেকর্ড করেন বাংলা আধুনিক গানের বাঁক বদলকারী সুমন।

হিন্দুস্তান রেকর্ড বৃটিশ ভারতের প্রথম স্বদেশি রেকর্ড কোম্পানি। ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুস্তান রেকর্ড থেকে নিজের কণ্ঠে প্রথম গান রেকর্ড করেন।

‘সারাদিন বৃষ্টি’ ও ‘কিছু দিন কিছু রাত’ শিরোনামে গানদুটির সংগীতায়োজন করেছেন ধ্রুব বসু রায়।

৪৭ বছর পর একই স্টুডিওতে গান রেকর্ড করে উচ্ছ্বসিত কবীর সুমন।

নিজের ফেইসবুকে এক পোস্টে সুমন লিখেছেন, “৪৭ বছর পর আবার অক্রুর দত্ত লেনে হিন্দুস্তানের স্টুডিয়োয় গিয়ে গান রেকর্ড করলাম। শেষ গিয়েছিলাম ১৯৭৩ সালে আমার দ্বিতীয় রবীন্দ্রসঙ্গীতের গ্রামোফোন রেকর্ডটা করতে। গতকাল (১২ ডিসেম্বর) গাইলাম দুটি আধুনিক বাংলা গান। লেখা সুর রাকা ভট্টাচার্য্য। অসামান্য দুটি গান। এমন গান কতকাল গাইনি।”

নিজের ছাত্রীর কথা ও সুরে গান রেকর্ড করে উচ্ছ্বাস প্রকাশ করে সুমন লেখেন, “গানের ব্যাপারে আমি খুঁতখুঁতে। রাকার দুটি গান আমার জীবনে গাওয়া (শোনাও) সেরা দুটি গান। এমন গান অনেক কাল হয়নি। আমার সৌভাগ্য যে রাকার এই গানদুটি আমি গাওয়ার সুযোগ পেলাম।”

সুমন তার দীর্ঘ সংগীত জীবনে এই প্রথম কোন নারী গীতিকার-সুরকারের তৈরী গান গাইলেন।

রাকা ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত গর্বের। গুরু যখন তার ছাত্রীর তৈরী গান রেকর্ড করেন সেটার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এটা আমার জীবনের অনেক আশীর্বাদ।”

চার বছর আগে ২০১৬ সালে গান দুটির তৈরী বলে জানান রাকা।

চলতি মাসের শেষে কিংবা আগামী জানুয়ারির শুরুর দিকে গান দুটি প্রকাশিত হবে বলে জানান রাকা।