২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ সংকেতের নির্মাণে ‘মুক্তির কথা বিজয়ের গান’

বিজয় দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছেন নির্মাতা, উপস্থাপক হানিফ সংকেত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 01:47 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

বুধবার রাত ৮ টায় এটিএন বাংলায় প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ছোটপর্দার অভিনেত্রী তারিন।

মুক্তিযুদ্ধকালে সৈয়দপুরে সংগঠিত ‘গোলাহাট গণহত্যা’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন থাকছে এ আয়োজনে।

মৌলভীবাজারের মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক বিকুল চক্রবর্তী ও  মুক্তিযোদ্ধা প্রেমিক, নরসুন্দর গোপাল চন্দ্র শীলের উপর দুইটি প্রতিবেদন থাকছে।

বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নিয়ে রয়েছে তিনটি দেশাত্মবোধক গান।

মনিরুজ্জামান পলাশ এর কথায় একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রবি চৌধুরী। আপেল মাহমুদের কথা ও সুরে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণাদায়ক গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...’, নতুন সঙ্গীতায়োজনে পরিবেশন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুট।

একটি গান গেয়েছেন শিল্পী এস আই টুটুল। গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়, সুর করেছেন শিল্পী নিজেই। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশানে গানগুলোর দৃশ্যধারণ করা করা হয়েছে।