অমিতাভ বচ্চন, শাহরুখের সঙ্গে ফোর্বসের তালিকায় পরীমনি
কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, তারকা অভিনেতা শাহরুখ খানের সঙ্গে ফোর্বসের সেরা ১০০ তারকার তালিকায় নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এশিয়ার প্রভাবশালী তারকাদের নিয়ে ‘১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যাকে গুরুত্ব দিয়ে নির্বাচিত এ তালিকায় একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের এ নায়িকা।
তালিকায় বলিউডের অভিনয়শিল্পী, সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন-অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, মাহিরা খান, আতিফ আসলাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, রনভীর সিং, হৃত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দিক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষালের মতো তারকারা।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। ক্যারিয়ারের শুরুতে প্রায় ডজন খানেক ‘ফ্লপ’ চলচ্চিত্রের এ অভিনেত্রী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর।
দৃশ্যধারণ শেষ করেছেন অনুদানের চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের; বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘প্রীতিলতা’য় অভিনয় করছেন পরীমনি।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তৌকীর আহমেদের একটি চলচ্চিত্রে; ছবিটির দৃশ্যধারণ শুরু হবে শিগগিরই।
