সিনেমা সঙ্কট: প্রযোজক, হল মালিক, পরিচালকরা বসছেন মঙ্গলবার
সিনেমা সঙ্কট নিরসনের উপায় খুঁজতে বৈঠকে বসছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭টায় রাজধানীর এক ক্লাবে ডাকা এ বৈঠক চলচ্চিত্র শিল্পের প্রধান এই তিন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকটি সোমবারই হওয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে প্রায় সাত মাস বন্ধ থাকা সিনেমা হলগুলো ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হলেও প্রযোজকরা চলচ্চিত্র মুক্তি না দেওয়ায় হলগুলো ফের বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ জানিয়েছে হল মালিক সমিতি।
কীভাবে সিনেমা মুক্তির পরিমাণ বাড়ানো যায়, বিষয়টি বৈঠকে আলোচনায় তুলবেন বলে জানান সুদীপ্ত কুমার দাস।
চলচ্চিত্র শিল্পের অচলাবস্থার মধ্যে সপ্তাহখানেক আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
বৈঠকে দুই সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে সঙ্কটের সুরাহার বিষয়ে ঐক্যমতে এসেছেন।
দুই সংগঠনের সঙ্গে বৈঠকে পরিচালক সমিতিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বৈঠকে অংশ নিচ্ছেন।
এর আগে হল মালিকদের সমিতি অভিযোগ করে এসেছে, প্রযোজকদের হাতে ২০টির মতো সিনেমা থাকলেও তারা মুক্তি দিচ্ছে না। ফলে অনেক সিনেমা বন্ধের উপক্রম হয়েছে।
তবে হল মালিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রযোজকরা বলেছিলেন, ‘সাহসী হিরো আলম’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ শিরোনামে দুইটি ছবি ছাড়া মুক্তি দিয়েছেন।
তবে আর্থিক লোকসানের শঙ্কায় অনেক প্রযোজক ছবি মুক্তি দিতে চান না বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।
দুই সংগঠনের মতানৈক্যের মধ্যেই সরকারের হস্তক্ষেপ কামনা করেছিল হলমালিকরা; পরে দুই সংগঠনের প্রতিনিধিদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তথ্যমন্ত্রীর বৈঠকের পর আলোচনায় বসার সিদ্ধান্ত এসেছে দুই সংগঠনের তরফ থেকে।
