সিনেমা সঙ্কট: প্রযোজক ও হল মালিকরা বসছেন আগামী সপ্তাহে
চলমান সিনেমা সঙ্কটে অচলাবস্থার মধ্যে আগামী সপ্তাহে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দুই সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
মঙ্গলবার দুপুরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে দুই সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে সঙ্কটের সুরাহার বিষয়ে ঐক্যমতে এসেছেন।
বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও আইন সম্পাদক আর এম ইউনুস রুবেল অংশ নেন।
বৈঠক থেকে বেরিয়ে সুদীপ্ত কুমার দাস ও শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সপ্তাহে নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সুরাহা করার বিষয়ে ঐক্যমতে এসেছেন তারা।
দুই সংগঠনের প্রতিনিধি ছাড়াও মুক্তির অপেক্ষায় থাকা ২০টি চলচ্চিত্রের প্রযোজকরা এ বৈঠকে থাকবেন বলে জানান তারা। বৈঠক থেকেই চলচ্চিত্রের অচলাবস্থা কাটিয়ে উঠার উপায় খুঁজতে চান প্রযোজক ও হল মালিকরা।
এর আগে সোমবার সকালে দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তথ্যমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল।
এর আগে হল মালিকদের সমিতি অভিযোগ করে এসেছে, প্রযোজকদের হাতে ২০টির মতো সিনেমা থাকলেও তারা মুক্তি দিচ্ছে না। ফলে অনেক সিনেমা বন্ধের উপক্রম হয়েছে।
তবে হল মালিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রযোজকরা বলেছিলেন, ‘সাহসী হিরো আলম’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ শিরোনামে দুইটি ছবি ছাড়া মুক্তি দিয়েছেন।
তবে আর্থিক লোকসানের শঙ্কায় অনেক প্রযোজক ছবি মুক্তি দিতে চান না বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।
দুই সংগঠনের মতানৈক্যের মধ্যেই সরকারের হস্তক্ষেপ কামনা করেছিল হলমালিকরা; পরে দুই সংগঠনের প্রতিনিধিদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তথ্যমন্ত্রীর বৈঠকের পর আলোচনায় বসার সিদ্ধান্ত এলো দুই সংগঠনের তরফ থেকে।
