২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজক ও হল মালিকদের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 03:06 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সোমবার সকাল ১১টায় তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক হবে বলে রোববার সকালে জানিয়েছিল তথ্যমন্ত্রণালয়।

বোরবার দুপুরে সেই বৈঠক স্থগিত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবারের মিটিংটা মন্ত্রণালয় থেকে মাত্র স্থগিত করা হয়েছে। স্থগিতের বিষয়টি দুই সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিদেরও জানিয়ে দিচ্ছি। মিটিংয়ের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।”

কী কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম ছিলেন।

প্রযোজকদের হাতে ২০টির বেশি চলচ্চিত্র থাকলেও তা ‘মুক্তি না দেওয়ায়’ দর্শক সঙ্কটে সিনেমা হলগুলো স্থায়ীভাবে বন্ধের শঙ্কার কথা জানিয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেছিলেন হল মালিকরা।

তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি বলেছিল, সিনেমা হল খোলার পর ‘সাহসী হিরো আলম’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি দিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি খোরশেদ আলম খসরু বৃহস্পতিবার বলেছিলেন, “সিনেমা মুক্তি দেওয়ার পর প্রডিউসারদের টাকা তো তুলতে হবে। যে অনুপাতে খরচ হচ্ছে সেই অনুপাতে অর্থ তুলতে না পারলে সিনেমা কীভাবে মুক্তি দেওয়া যাবে।”

চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে লোকসান কমাতে ভর্তুকির দাবির কথাও জানিয়েছিল প্রযোজক সমিতি।

বৈঠকে তথ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে আনার কথা বলছিল দুই সংগঠন; পরবর্তীতে নির্ধারিত বৈঠকে চলমান সিনেমা সঙ্কটের সুরাহার আশায় থাকছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

পুরনো খবর:

প্রযোজকরা সিনেমা ‘দিচ্ছে না’, সরকারের হস্তক্ষেপ চান হল মালিকরা