নির্বাচনী প্রচারণায় ডিপজল-রুবেল-জায়েদরা
দীর্ঘদিন ধরে বড়পর্দায় দেখা না গেলেও বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আলাদা পরিচিতি পেয়েছেন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, জায়েদ খান. আলেকজান্ডার বোসহ বেশ কয়েকজন চলচ্চিত্রশিল্পী।
সোমবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিব হাছানের পক্ষে ভোট চাইতে একটি হুডখোলা গাড়িতে খিলক্ষেত এলাকা চষে বেড়িয়েছেন তারা।
এর আগে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের সঙ্গে প্রচারণায় নেমেছিলেন তারা।
সেই বার ‘নিজেদের খরচে’ প্রচারণায় অংশ নেওয়ার কথা বলেছিলেন রুবেল-জায়েদরা; তবে এবারের প্রচারণায় নেমে তাদের অর্থ-যোগ কিংবা অর্থ-বিয়োগ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। সেই আসনে মোহাম্মদ হাবিব হাছানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
নির্বাচন কমিশন (ইসি) তফসিল অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপনির্বাচন হবে ১২ নভেম্বর।
