‘নিজের খরচে’ নির্বাচনী প্রচারণায় চলচ্চিত্রশিল্পীরা
পারিশ্রমিকের বিনিময়ে চলচ্চিত্র, বিজ্ঞাপন ও স্টেজ শো করলেও পারিশ্রমিক ছাড়াই ‘নিজের খরচে’ ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা করছেন ঢালিউডের একঝাঁক চলচ্চিত্রশিল্পী।
আসন্ন ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসের প্রচারণায় অংশ নিয়েছেন রোজিনা, নূতন, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, ডিপজল, রুবেল, ফেরদৌস, রোকেয়া প্রাচী, শাহনূর, আলেকজান্ডার বো, সাঞ্জু, মাসুম বাবুল, জয় চৌধুরীসহ আরও অনেকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে এ প্রচারণা কর্মসূচীর সমন্বয় করছেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান; তিনিই পরিকল্পনা করছেন শিল্পীরা কবে-কোথায় প্রচারণায় অংশ নেবেন।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রচারণায় নিজেদের সর্বোচ্চ সময় ব্যয় করছেন তারা; অনেক সময় আট-নয় ঘণ্টাও খরচ করছেন নির্বাচনী ময়দানে।
ত্রিশ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে তারকাখ্যাতির মানদণ্ডে লাখ টাকারও বেশি পান অভিনয়শিল্পীরা; স্টেজ শোতে কয়েক ঘণ্টার পারফর্মের জন্য তাদের পেছনে লাখ লাখ টাকা গুনতে হয় আয়োজকদের।
তার বিপরীতে ‘কোনো ধরনের পারিশ্রমিক’ ছাড়াই উলটা ‘নিজের খরচে’ নির্বাচনী প্রচারণায় শামিল হওয়ার দাবি করলেন চিত্রনায়িকা নূতন ও চিত্রনায়ক রুবেল।
দেশের প্রতি ভালোবাসা থেকেই প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানালেন ঢাকার চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেল; তিনি এখন অভিনয়ে নেই বললেই চলে।
রুবেলের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নূতনও দেশের প্রতি ভালোবাসা থেকেই নৌকার প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানালেন।
বিষয়টি নিয়ে তিনি বলেন, “নিজের গাড়ি নিয়ে যাই, গাড়ির পেমেন্ট কিংবা আমাদের পেমেন্ট নিই না; আমরা নিজেরাই যাই।”
১০ জানুয়ারি থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে; ২১ দিনের মাথায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শেষ করার নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।
