শ্বাসকষ্ট নিয়ে আনিসুর রহমান মিলন হাসপাতালে
শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি আছেন চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেতা আনিসুর রহমান মিলন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান এ অভিনেতা।
তিনি গ্লিটজকে জানান, কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে প্রথমে স্কয়ার হাসপাতালে যান। পরে সেখান থেকে মধ্য রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ইসিজি রিপোর্ট হাতে পাওয়ার পর তার অসুস্থতার সম্বন্ধে জানা যাবে বলে আশা করছেন মিলন।
মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর পর সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান মিলন। ২০০৫ সালে সুচন্দার পরিচালনায় ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
পরে ‘ভালোবাসা সীমাহীন’, ‘লালচর’, ‘বিজলী’, ‘পোড়ামন’, ‘দেহরক্ষী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
