সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক রিয়াজুল রিজু
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ চিত্রপরিচালক রিয়াজুল রিজু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টাঙ্গাইলের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাত ১০টায় আদি টাঙ্গাইল এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে জানান রিজুর প্রযোজনা প্রতিষ্ঠান কারুকাজ-এর মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম যিকরান।
পরে তাকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যিকরান জানান, রিজুর মাথায় ৩টা সেলাই দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ঢাকার কোনও হাসপাতালে নেওয়া হতে পারে।
রিজু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ ২০১৫ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারসহ মোট ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
কারুকাজ ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি কাহিনী লিখেছেন মাসুম রেজা এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু।
