২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ডেরও মহামারীর মন্দা থেকে রেহাই নেই

‘নো টাইম টু ডাই’ ছবি মুক্তির তারিখ আবারও পেছালো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 08:18 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বের মতো হলিউড ছবির জগতেও চলছে খরা। দুএকটা জায়গা সিনেমা হল খুললেও দর্শক উপস্থিতি অনেক কম। এই অবস্থায় নতুন ছবি মুক্তি দেওয়ার কথা ভাবতেও পারছেন না সংশ্লিষ্টরা।

যে কারণে বিশাল বাজেটের ছবিগুলোর মুক্তির তারিখ বার বার পেছানো হচ্ছে।

জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’য়ের মুক্তির তারিখ বার বার পিছিয়ে দিলেও এবার মন্দার করণে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ২ এপ্রিল।

জেমস বন্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া ঘোষণা থেকে রয়টার্স জানায়,  এমজিএম এবং ইউনিভার্সাল পিকচারের ‘নো টাইম টু ডাই’ ছবি মুক্তির তারিখ প্রথমে নির্ধারণ করা হয়েছিল এই বছর এপ্রিল মাসে। পরে তা পিছিয়ে নেওয়া হয় নভেম্বরে।

ছবির প্রযোজনা সংস্থা ও প্রয়োজকদ্বয় মাইকেল জি উইলসন এবং বারবারা ব্রোকলি বিবৃতি বলেন, “সারা বিশ্বের চলচ্চিত্রের দর্শকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বন্ড ছবি মুক্তির তারিখ পেছালেও এই বছর মুক্তির তালিকায় এখনও রয়েছে ‘ওয়ান্ডা উইম্যান ১৯৮৪’ ছবিটি, যা ডিসেম্বরে ক্রিস্টমাস উপলক্ষ্যে মুক্তি দেওয়া হবে। তবে বড় বাজেটের অন্যান্য ছবির মধ্যে ‘ব্ল্যাক ‍উইডো’ এবং ‘টপ গান’ এর পরবর্তী পর্বের মুক্তির তারিখ সামনের বছরে নিয়ে যাওয়া হয়েছে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির পরবর্তী পর্বের মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সামনের বছর মে মাসে।

মিডিয়া প্রতিষ্ঠঅন কমসকোর’য়ের জ্যেষ্ঠ মিডিয়া পর্যালোচক পল ডেরগারাবেডিয়ান বলেন, “স্টুডিওগুলোর ক্রমাগতভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

তবে তিনি আরও বলেন, “বন্ড ছবি মুক্তির তারিখ পেছানোর মানে হচ্ছে প্রযোজকরা বিশ্বাস করে সিনেমা হল-ই ছবির জন্য উপযুক্ত জায়গা।”

যদিও কিছু ছবি সিনেমা হলে মুক্তির জন্য অপেক্ষা না করে সরাসরি ‘স্ট্রিমিং মিডিয়া’তে মুক্তি দিয়েছে।

‘নো টাইম টু ডাই’ ছবিতে জেমস বন্ড চরিত্রে শেষবারের মতো দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। এই ছবি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ কোটি ডলার।