গানের সঙ্গে আমিদের পথচলা
ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে দেশের বাইরে গিয়ে তরুণ কণ্ঠশিল্পী আমিদ হোসেন চৌধুরীর উপলব্ধি হয়েছিল, জীবন একটাই; তাই পছন্দের বিষয় গানের সঙ্গেই পুরোদমে পথচলা শুরু করলেন তিনি।
রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর ছেলে আমিদ ছোটবেলা থেকেই গানের সঙ্গেই যুক্ত থাকলেও মাঝে পড়াশোনা ও চাকরির কারণে গানে অনিয়মিত হয়ে পড়েন।
আমিদ জানান, তার মা ক্যান্সারে আক্রান্ত। মায়ের চিকিৎসা করাতে গিয়ে বেশ কয়েকদিন এক থাকতে গিয়ে তার উপলব্ধি হয়েছিল, জীবন একটাই। তাই বাকিটা সময় গানের সঙ্গেই থাকবেন তিনি।
২০১০ সালে রিপন খানের সুর-সংগীতে মৌলিক গান প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতে আত্মপ্রকাশ ঘটে আমিদের।
পরে একটি রেডিও স্টেশনের ঊদ্ধর্তন কর্মকর্তা হিসেবে পাঁচ বছর কর্মরত ছিলেন তিনি।
তিনি গ্লিটজকে বলেন, “চাকরি করাকে খারাপ বলছি না। তবে মিডিয়ায় চাকরি করে মিডিয়ায় করা আমার কাছে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলে মনে হয়েছে। আমি অন্য কোনও রেডিও স্টেশনে কাজ করতে গেলে অফিসের অনুমতি লাগত।”
এবার ঈদে বেশ কয়েকটি নাটকে মৌলিক গান করেছেন আমিদ। এর মধ্যে ছোটপর্দার নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর আই মিস ইউ’ নাটকের ‘মা’, ‘বায়না’ নাটকের ‘তোর কারণে’, ‘ডেট রুম’ নাটকের ‘সখী গো’ ও ‘মধ্যবিত্ত হওয়াটাই পাপ’ নাটকের ‘নীল রঙা পরী’সহ বেশ বেশ কয়েকটি নাটকের গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি।
গানগুলো সুর-সংগীত করেছেন শাকের রাজা, মেনন খান ও প্রত্যয় খান। ঈদের আরও চারটি গান প্রকাশের অপেক্ষায় আছে।
আরও চারটি গানের কাজ শুরু করেছেন আমিদ। এর মধ্যে তার বাবা ফাহিম হোসেন চৌধুরীর সঙ্গে একটি রবীন্দ্রসংগীতও রয়েছে বলে জানান তিনি।
সংগীত পরিবারে জন্ম নেওয়া আমিদের প্রতিবেশীদের মধ্যে আইয়ুব বাচ্চু, মানাম আহমেদ, কুমার বিশ্বজিৎদের মতো সংগীতশিল্পীরা ছিলেন। ছোটবেলা থেকেই জেহীন ও হৃদয় খানের সঙ্গে গান করতেন তিনি।
আইয়ুব বাচ্চু ও ফুয়াদকে অনুপ্রেরণা হিসেবে মানে তিনি।
ভবিষ্যত পরিকল্পনা সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, “প্রত্যেকটা আর্টিস্টের চাওয়া থাকে, আমি আর্ট নিয়ে থাকব। আর নিজেকে বিভিন্নভাবে তুলে ধরব। সেটা যারা গান লেখে তারা গানের মাধ্যমে নিজেকে তুলে আনতে চাই।
“আমি আমার অনুভূতিগুলো গানের মাধ্যমে তুলে আনতে চাই। ভালো মিউজিক মানুষকে একত্র করে। আমি যখন বাইরে ছিলাম তখন যত বন্ধু পেয়েছে তাদের বেশিরভাগই মিউজিক করত।”
আইয়ুব বাচ্চুর ‘অ্যাকুস্টিকা লাইভ’ নামের একটি প্রকল্পে অংশ নিয়েছেন আমিদ। গানবাংলার ‘এয়ারটেল স্পটলাইট’ বিজয়ী হয়েছিলেন তিনি।
